নদী তীরের স্মৃতি
কত সময় পার করেছি,পিয়াস নদীর তীরে-
মনটা আমার কেড়েছিল,নাম না জানা মেয়ে।
সন্ধ্যা হলে পাখিরা যখন,ফিরতো তাদের নীড়ে-
আমরা তখন মিলিয়ে যেতাম স্বপ্নলোকের ভিড়ে!
গল্প-গানে করছি কত,মধুর সময় পার-
ভুলে যেতাম নাওয়া-খাওয়া মুখটি দেখে তার
রেগে গেলে থামাবে তাকে,সাধ্য আছে কার-
বুকের মাঝে লুকিয়ে রেখে মান ভাঙাতাম তার!
জানিনা কখন বুনেছিলাম,ভালবাসার জাল-
স্মৃতি গুলো আঁকড়ে ধরে,ছাড়িনি কভু হাল।
ইচ্ছে হাওয়ায় মন রাঙিয়ে,তুলেছিলাম পাল-
বালুর তীরে ঘর বানিয়ে থাকবো চিরকাল!
স্বপ্ন আমার মিথ্যে হলো,অজানা এক ঝড়ে-
আশা গুলো ফানুস হয়ে,উড়ছে বালুর চরে।
সত্যিকে সে আড়াল করে,রইলো পড়ে দূরে-
আজ কেন স্মৃতিগুলো তার খুবই মনে পড়ে!
উল্টো স্রোতে করছি এখন,জীবন তরী পার-
বানের জলে ভেসে ভেসে কাটছি সাতার;
তুফান ঝড়ে ভেঙে গেছে সম্ভাবনার দ্বার-
হয়তো কখন ডুবে যাবো পাবে না তো আর!
এস,আহমেদ,ভোর
পিয়াস স্মৃতি নিকেতন ও স্মৃতি সংঘ
২৭ জুলাই ২০১৩//রাতঃ ১ টা
হাতিরঝীল,ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


