"তোমার আঙুল ছুঁতে চাই"
ফেসবুকে ইভেন্ট দেব,
সারা বাংলায় রটিয়ে দেব আন্দোলন,
শাহবাগে আবার হবে লক্ষাধিক জনতার সম্মেলন';
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
শহরের সব নগ্ন ভিখিরিদের খেতে দেব একবেলা,
প্রত্যেকটা টোকাই শিশু পাবে নতুন জামা,
লিফলেট আর পোস্টারে চেয়ে যাবে শহর;
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
রেসকোর্সে ভাষণ দেব,
ঘেরাও করব সচিবালয়,
স্পিকারের কাছে স্মারকলিপি যাবে;
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
একবার তোমার হাসি দেখার জন্যে
জ্বালিয়ে দিতে পারি ভোটকেন্দ্র্র
মারতে পারি একটার পর একটা ব্যালটে সিল
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
হরতাল হবে, অবরোধ হবে,
ব্যাংক বীমা বন্ধ হবে,
গভর্নরকে অপহরণ করবো;
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
তোমাকে সন্ধ্যা নামার আগে দেখে ফেলার অপরাধে,
কিংবা, তোমার চূর্ণ চুল
নিজ হাতে সরিয়ে দেয়ার অলঙ্ঘনীয় পাপে
এ সভ্যতা যদি আমায় মৃত্যুদণ্ড দেয়,
আমি খুশী মনে চড়ব ফাঁসী কাঠে
মৃত্যুর আগে শেষ ইচ্ছা
"তোমার আঙুল ছুঁতে চাই"
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


