ক্লিনটন সিলি, তাঁর কথা আমি প্রথম শুনি আমি যখন পড়াশুনার জন্য ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার এক সাহিত্য অনুরাগী শিক্ষকের কাছে, এরপর আমি তাঁর ব্যাপারে আগ্রহী হয়ে খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারি সেটা হচ্ছে, ক্লিনটন সিলি ১৯৬৩ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাণীবিদ্যায় স্নাতক হওয়ার পরে জন এফ কেনেডি প্রতিষ্ঠিত শান্তি বাহিনীর (পিস কোর) এর কর্মী হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন, তখন তাঁর কাজ ছিল বরিশাল জেলা স্কুলে হাতে কলমে প্রাণীবিদ্যা শেখানোয় বিজ্ঞান শিক্ষকদের সাহায্য করা। তারই ফাঁকে ফাঁকে সাগরদির মিশনারি ওরিয়েন্টাল স্কুলে বাংলা শিখতে যেতেন সপ্তাহে কয়েকদিন। এভাবে তাঁর বাংলাভাষার চর্চা শুরু। এরপর তিনি তাঁর এই স্বেচ্ছাসেবক জীবন শেষে স্নাতকোত্তর শিক্ষার জন্য শিকাগো বিশ্ব্ববিদ্যালয়ে “দক্ষিণ এশীয় ভাষা ও সভ্যতা” বিভাগে যোগ দেন আর শিক্ষার বিষয় হিসেবে বেছে নেন “বাংলা ভাষা ও সাহিত্য”। বলা যায় এখান থেকেই তাঁর বাংলা কবিতার প্রেমে পড়া শুরু।
শোনা যায় গবেষণার বিষয়বস্তু হিসেবে জীবনানন্দ দাশ কে বেছে নেওয়ার জন্য ক্লিনটন সিলিকে অনুপ্রাণিত করে ছিলেন তৎকালীন “কলকাতা” পত্রিকার সম্পাদক জ্যোতির্ময় দত্ত। এই গবেষণার জন্য তিনি দ্বিতীয়বারের মত বাংলায় আসেন কিন্তু এবার স্থান কোলকাতা এবং এখানে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন নিরীহ, আত্মভোলা, মর্মান্বেষী জীবনানন্দ দাশকে আর এ ব্যাপারে তাকে আকুন্ঠ সহযোগিতা যুগিয়েছেন বাংলা কবিতার আর এক দিকপাল বুদ্ধদেব বসু। ১৯৭১ সালে তিনি শিকাগো ফেরেন এবং শিকাগো বিশ্ব্ববিদ্যালয়ে বাংলার অধ্যপনা শুরু করেন এবং ১৯৭৬ সালে জীবনানন্দ দাশকে নিয়ে তার গবেষণা শেষ করেন। এরপর দীর্ঘ বিরতি উপযুক্ত প্রকাশকের অভাবে প্রকাশ পাচ্ছিলনা জীবনানন্দ দাশের উপর লেখা তার গবেষণা গ্রন্থটি, শেষ পর্যন্ত ডিলাওয়্যার ইউনিভার্সিটি প্রেস প্রকাশ করে সেই অসাধারণ প্রামাণ্য জীবনী গ্রন্থটি “অ্যা পোয়েট অ্যাপার্ট - অ্যা লিটেরারি বায়োগ্রাফি অফ দি বেঙ্গলি পোয়েট জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) ”। তবে এই ব ইটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি, হতে পারে বইটির উচ্চমূল্য এবং দুষ্প্রাপ্যতা।
এই বইটি ৩৪১ পৃষ্ঠার, বইটি আমি দেখি এবং পাঠ করি আমার সেই স্যারের কাছ থেকে নিয়ে। আজ প্রায় ৩ বছর পর আমি আমার সেই ডায়েরীটা খুঁজে পেয়েছি যেটাতে আমি এই বই সম্পকিত তথ্য টুকে রেখেছিলাম। মূলত এই বইটি ৭ টি খন্ডে বিভক্ত, তবে আমি এখানে এই ৭ খন্ডের বর্ণনা দিতে যাচ্ছিনা সংক্ষেপে কিছু আলোচনা করব।
এই বইয়ের ভূমিকাতে আছে চুনিলালের কথা, চুনিলাল ছিলেন চায়ের দোকানী এবং তার দোকান ছিল রাসবিহারী অ্যাভিনিউর ওপর। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর যখন জীবনানন্দ দাশ ট্রাম দূঘটনায় পড়েন তখন তাঁর চিৎকার শুনে ছুটে এসেছিলেন চুনিলাল এবং ট্রামের তলা থেকে বের করে ছিলেন কবির রক্তাক্ত শরীর। এই বইয়ে জীবনানন্দ দাশের জীবন ঘনিষ্ঠ আরও অনেক তথ্য রয়েছে যে গুলোতে আমরা আবিস্কার করি এক নিভৃত কবিকে যিনি মানুষের সাথে মিশতেন কম, কথা বলতেন কম, থাকতেন আপন মণে, যাকে তাড়া করে বেড়াত অর্থাভাব, অস্বাচ্ছল্য, বেকারত্ব । আছে সত্যজিত রায়ের কথা, ১৯৫২ সালে সিগনেট প্রেস “বনলতা সেন ” কাব্য গ্রন্থটির নতুন ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশ করে যার প্রচ্ছদ এঁকেছিলেন সত্যজিত রায় কিন্তু কোন অজানা কারণে কবির সেটা পছন্দ হয়নি। আছে কিছু চিঠি যেগুলো কবি এবং রবীন্দ্রনাথ একে অপর কে দেওয়া নেওয়া করেছিলেন যদিও তাঁদের কখনও সাক্ষাত হয়নি।
এই বইটিতে আরেকটি উল্লেখ যোগ্য দিক হচ্ছে ক্লিনটন সিলি কর্তৃক ৬৫ টি জীবনানন্দর অনুবাদিত কবিতা , যে অনুবাদ এক কথায় অসাধারণ। এর ভেতরে একটি ছিল এমন (পৃষ্ঠা ২৬৩-২৬৪),
সুদর্শনা
একদিন ম্লান হেসে আমি
তোমার মতন এক মহিলার কাছে
যুগের সঞ্চিত পণ্যে লীন হতে গিয়ে
অগ্নিপরিধির মাঝে সহসা দাঁড়িয়ে
শুনেছি কিন্ন্ র কন্ঠ দেব দারু গাছে,
দেখেছি অমৃত সূয আছে।
One day beside a woman such as you
Wanly smiling I,
About to be absorbed in the collect merit of age,
Pausing suddenly inside a ring of fire
Heard some heavenly voice in a devdaru tree,
Saw the immortal Sun there.
ধন্যবাদ জানাই ক্লিনটন সিলিকে আমাদের বাংলা কবি এবং কবিতাকে এভাবে সার্বজনীন ভাবে উপস্থাপন করার জন্য। এর বাইরে তিনি অনুবাদ করেছেন মাইকেল মধুসুদন দত্তের “মেঘনাদ বধ কাব্য”, সৈয়দ শামসুল হকের কবিতা, গ ল্প, আব্দুল মান্নান সৈয়দ এর কবিতা । এছাড়াও লিখেছেন অনেক প্রবন্ধ , তবে বিশেষভাবে উল্লেখযোগ্য “দ্যা রাজাস নিউ ক্লোদস ঃ রিড্রেসিং রাবণ ইন মেঘনাদ বধ কাব্য ” (১৯৯১) এবং “সিরিয়াস সাহিত্য ঃ দ্যা প্রোজ ফিকশন অফ বাংলাদেশ’স রিজিয়া রহমান”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



