১৯৯০ সাল। এসএসসি পরীক্ষা। আমরা বলতাম ম্যাট্রিক পরীক্ষা। তখন দুইবেলা দু’টি পরীক্ষা হত। প্রথম দিন বাংলা পরীক্ষা। সকালে প্রথম পত্রএবং একঘন্টা বিরতি দিয়ে ২য় পত্র পরীক্ষা। প্রায় ৪০ মিনিট হেটে পরীক্ষার হলে পৌছলাম। কারন বাড়িতে রিকশা ভাড়া দেওয়ার মত টাকাও ছিলোনা। হলের গেটে সবার সাথে অভিভাবক। আমি একা।
১ম পত্র পরীক্ষা ভালোই দিলাম। তারপর বিরতি। সেই বিরতিতে অভিভাবকরা টিফিন নিয়ে ব্যস্ত। সন্তানের জন্য আকুল উদ্বেগ। ক্লাশে আমি একা । ঝাপসা চোখ ঢাকতে বই খুলে বসে আছি। পড়ছি না কিছূই। সকাল বেলায় নাস্তা হিসেবে খাওয়া দুটি ক্ষুদ্রাকৃতি ডালপুরি আর এক কাপ চা অভয় দিচ্ছে কষ্ট পেওনা।
পরীক্ষা শেষে হেটে হেটে বাড়ি ফিরা। মায়ের উদ্বেগাকুল মুখ। কিন্তু প্রশ্ন করলেন না পরীক্ষা কেমন হয়েছে। দুপুর বেলার খাবার হিসেবে শেষ বিকেলে আবার দুটো ডালপুরি। রাতে আলুভাত হবে। ভাতের সাথে আলু কুচি সেদ্ধ আর লবন। সন্ধ্যায় ফুপু এসে জিজ্ঞেস করলেন পরীক্ষা কেমনা হয়েছে। হাসি হাসি মুখে জানালাম পরীক্ষা ভালো হয়েছে। মধ্যবিত্তের রক্তগত সম্মানবোধের কারনে পেটে ক্ষুধা কিন্তু মুখে তৃপ্তির হাসি আঁকতে কোন সমস্যা হয়নি। কেউই বুঝেনি কিছু।
বাংলায় সেবার সর্বোচ্চ নম্বার পেয়েছিলাম। মার্কশীটে সেই নম্বর স্পষ্ট লেখা আছে। কিন্তু জটিল বাস্তবতার এই সব ছবিগুলো আঁকা নাই। শুধু স্মৃতি জানান দেয় সে ভুলেনা কিছুই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


