তখন নিপাট মধ্যবিত্তের জীবন যাপন চলছে। জীবনযাপান না বলে জীবনযাপনের নিখুঁত অভিনয় চলছে বলা ভালো। মুখে সবসময় তৃপ্তির হাসি। অনিয়মিত ইশকুলে যাওয়া আসা। আড়ালে কেরানী স্যারকে বলা যে বাবা বলেছেন বেতন দিতে তিন মাস দেরী হবে। আর অন্য সবকিছুই চলছে লোক দেখানো। বাস্তবে ঘরের ভিতর চরম দরিদ্রতা। বাংলায় 'দিন আনি দিন খাই' বলে একটা কথা আছে। আমাদের তখন 'দিন আনি রাতে খাই' পর্যায় চলছে। নুন আনতে আর পান্তা ফুরায় না। কারণ যেদিন নুন হয় সেদিন নুন নিয়েই আমাদের তৃপ্তি, কারন সতসিদ্ধভাবেই জানা হয়ে গেছে যে পান্তা জোগাড় হবেনা।
শুধু দুই পিস পাউরুটি (মর্ডান ব্রেড নামক পাউরুটি ছিলো,তারই দুই পিস) খেয়ে অথবা একটা পুরি খেয়ে অথবা না কোনকিছুই না খেয়ে কেটে গেছে এক একটা দিন। বাইরে থেকে বোঝার উপায় নেই যে আমরা গরীব হয়ে গেছি। ভীষন গরীব। আমরা বোঝাতেও চাইনি। কারণ রক্তে মধ্যবিত্ত মানসিকতা। নিজে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাও কিন্তু আতœসম্মান বোধ ( মিথ্যা অহমিকা!!) যেন না ভাঙ্গে। নিজের দারিদ্র্যেও কথা যেন কেউ না জানে। মধ্যবিত্ত মানসিকতা নেশায় মিথ্যা আত্নসম্মান রক্ষার মাদকে নেশাখোর দিনযাপন।
সেদিন সকাল থেকে বৃষ্টি। ঝুম বৃষ্টি। আব্বা ছাতা হাতে বাইরে বেরুলেন। সকালের নাস্তা খাওয়া হয় নাই। বৃষ্টি হলেও রাস্তায় পানি জমে। সেদিনও পানি জমেছে। কয়েকজন কিশোর রাস্তায় ফুটবল খেলছে। জীবন কত আনন্দময়। জানালা দিয়ে খেলা দেখছি, বৃষ্টি দেখছি, ইলেকট্রিকের তারে বসা ভিজে জবজবে হয়ে যাওয়া কাক দেখছি। আমারও ভিজতে ইচ্ছে করছে। কিন্তু দুইদনি ধরে জড় বলে ভিজতে পারছিনা। বৃষ্টির তোড় বেড়ে গেলে ঘরের ভিতরে পানি আসে। তাই মাঝে মাঝেই জানালা বন্ধ করে দিতে হয়। একই ভাবে দুপুর গড়ালো। আমরা ভাইবোনেরা যে যার মত বসে আছি। যেন বৃষ্টির দিনে সকালের নাস্তার মত দুপুরের ভাতও খেতে নেই। যেন এটাই স্বাভাবিক। শুধু মার মুখখানা অসম্ভব করুন আর বিষন্ন মলিন।
বৃষ্টির দিনে সন্ধ্যাটা বেশ দ্রুত নামে। সেদিনের সন্ধ্যাটাও নেমেছিলো দ্রুত। সন্ধ্যাটা পুরোপুরি রাত্রি হবার আগেই আব্বা ঘরে ফিরলেন। আব্বা ফিরবার পর পাশের মুদি দোকান থেকে চাল, দুটো ডিম, তেল আর লবন আনালেন। মাথা গামছা দিয়ে ঢেকে আমিই নিয়ে এলাম। মা চুলায় ভাত রান্না করছেন। কি সুন্দর গন্ধ! বুক ভরে ভাতের গন্ধ নিচ্ছি। ডিম রান্না হচ্ছে। সত্যি সত্যি ডিম রান্না হচ্ছে। আজ আবার কতদিন ডিম খাওয়া হবে। একসময় সকালের নাস্তায় প্রতি দিন ডিম থাকত- এটা যেন কতকাল আগের কথা। অথবা রুপকথা।
বাইরে বৃষ্টি থামেনি। হালকা শীত শীত করছে। রান্না শেষে সবাই একসাথে খেতে বসলাম। মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছেন। ভাত থেকে ধোয়া উঠছে। মা একটা ডিমকে সমান চারটুকরো করে বড় চারজনের পাতে দিলেন। সপ্তমীর চাঁদের মত বা তরমুজের ফালির মত করে কাটা টুকরো। এটুকু টুকরোতেই সবাই খুশী। আমার ঠিক দুই বছরের বড় বোন বলে উঠলো 'আমরা কি আর কোন দিন আস্ত ডিম খাবোনা, মা!' মা কিংকর্তব্য বিমূঢ়, বাবার মুখে অপারগতার গাঢ় চিহ্ন। হঠাৎ কোনকিছু না ভেবেই আমি বললাম যে ডিম খেতে আমার ভালো লাগেনা। কেমন গন্ধ গন্ধ লাগে। সেদিন মা আর বাবাও ডিম খাননি। একটা আস্ত ডিম বোনের প্লেটে মা দিলেন। শুধু দিলেননা, নিজ হাত তাকে খাইয়েও দিলেন। বাবা যেন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। বাবার মুখে এক ধরনের প্রশান্তি। আমাকে বললেন, 'বাপ-বেটার কারোই ডিম ভালো লাগেনা, তাই না বাবা!!' আমি বললাম 'হ্যা'।
বাবা মারা গেছেন। ডিমের প্রতি আমার আগ্রহ নেই। একান্ত বাধ্য না হলে ডিম খাইনা। কিভাবে যে ডিম এত অপ্রিয় হলো জানিনা। মার কাছে শুনেছি ডিম ভূনা বাবার খুব প্রিয় ছিলো। কিন্তু যখনই ডিম দেখি তখন সেই সব দিনের কথা মনে পড়ে। মনে পড়ে বাবার কথা 'বাপ-বেটার কারোই ডিম ভালো লাগেনা, তাই না বাবা!!' সত্যিই বাবা তোমার মত আমার আজও ডিম খেতে ভালো লাগেনা। বাবা তোমার আদর তোমার বড় নাতি মানে আমার একমাত্র সন্তান মুমিত পাই নাই। তবু কেন সে তার খাবারের মধ্যে ডিমকে অপ্রিয় তালিকায় রেখেছে!! বলতে পারো বাবা!!
গরীববেলার স্মৃতি লিংক
গরীববেলার স্মৃতি-১
Click This Link
গরীববেলার স্মৃতি-২
Click This Link
গরীববেলার স্মৃতি-৩
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



