বহু মানুষকে অপরিমেয় স্বপ্নে আন্দোলিত করে
নায়কেরা অতঃপর
আলোকিত মঞ্চ ছেড়ে-
ফিরে আসে -
ব্যক্তিগত স্নানঘরে ,
সাফ সুতরো হয়ে গেলে রঙীন মেক-আপ
জীবনের খাতা খুলে কষে যায়-
জটিল জটিলতর অনেক হিসাব।
মহত্তর স্বপ্নগুলো নিছকই অপচয়
মনে হয় ,
চে - কিংবা গোলাপের চে'
ঢের লাল নীল আলোয় মদির গেলাস।
মনে হয়-
যতটুকু ক্ষমতা রাখে সহস্র মানুষের
আন্দোলিত -
উত্তোলিত-
মুষ্টিবদ্ধ হাত-
তার চে' ঢের বেশি সক্ষম
কড়কড়ে কাগজের নোট ।
ঢের বেশী সফলতা এনে দেয়
গভীর অন্ধকারে পেতে রাখা
ততোধিক অন্ধকার হাত ।
সূর্যোদয়ে ফেলে আসা অপচয়
ঘুচে দিতে -
চোখ থেকে মুছে ফেলে দ্রুত -
বেহায়ার মত তবু-লেগে-থাকা -
সবুজ দিগন্ত জুড়ে -
ঘুণে ধরা বেমানান কুঁড়ে,
অবিনাশী স্বপ্ন বুকে
দুঃস্বপ্ন পাড়ি দেওয়া
করুন উজ্জল চোখগুলো ,
বিশ্বকে বাসযোগ্য করে দেবার..
দৃঢ় অংগীকার,
সোনালী ডানার চিল,
শ্রেনীহীণ আকাশের নীল
এবং গোলাপ ।
অতঃপর চোখ থেকে মুছে ফেলে দ্রুত
সকল গোলাপ ।
বিপ্লব স্তিমিত বুকে
নেমে যায় অন্ধকারে-
অনন্ত আগ্রাসনে - দাউদাউ
প্রেমহীন -অকরুন অন্ধকার হাত ।
এখন পৃথিবী ও আকাশ জুড়ে
ঘনঘোর অমাবশ্যারাত ।
#############

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


