
অনেকেই থেমেছিল এই বাঁকে-
কিছুক্ষন, ডানা মেলে ফের উড়ে যাবার আগে
কুয়াশায় ঢেকে যাওয়া অস্পষ্ট আলোয়
কিম্বা চিত্রপট জুড়ে নেমে আসা অন্ধকারে।
কখনও সমুখের পথটুকু স্পষ্ট করে দেখে নিতে,
খানিকটা ছায়া ও বিশ্রামে, অথবা
পান্থপাদপ পানপাত্র পূর্ণ করে নিতে।
ঝলমলে আলোর উৎসব ছুঁয়ে গেছে ,
ছুঁয়ে গেছে ঝড়, বৃষ্টি, বন্যার পলি-
অনিবার্য সংক্রান্তির বাঁক।
অনেকেই থেমেছিল এই বাঁকে-
কিছুক্ষন, ডানা মেলে ফের উড়ে যাবার আগে।
কেউ কি কখনও
গন্তব্য ভেবে নিয়ে এসেছিল ?
কেউকি কখনও বহু পথ পার হয়ে
ভালবেসে বাঁকে এসে
থেমেছিল ঠায়?
*********************
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



