তুমি আছো দূরে কোথায় কে জানে?
আমি হেথা বসে আছি নিরালায়
ভাবছি বসে আনমনে—
কেমন আছো ঐ খানে?
হয়তো নদীর তীরে
দখিনের বাতায়নে আনমনে
হয়তো আমাকেই পড়িবে মনে
হয়তো পড়িবে না আর
অযাচিত বেদনার অতল গহীনে।
হৃদয়ের সবকথা রেখে এসো তটিনীর বুকে
তারপর খোলা আকাশে—
চেয়ে দেখো আকাশের বিশালতা
মেঘ জানে কতটুকু উষ্ণতায় পুড়িলে জল মেঘ হতে হয়
বৃষ্টি জানে কতটুকু শীতলতায় নেমে আসে মেঘ অবনীর বুকে।
উষ্ণতায় ভেসে গেছো দূরে মেঘের মতো
চাইলেই নেমে আসতে পারো বৃষ্টির মতো মরুভূমি বুকে
আমি দেখিবোনা দূরের বেনাজল
দেখিবোনা ফসলী জমির মতো চিরসবুজ বন;
এখানে ইটপাথরের ভীড়ে আমি একেলা নস্টালজিক এখন
শুধু জানি যাচ্ছে কেটে বেলা কর্পূরের মতন ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





