পর্যালোচনায়ঃ কাজী জহির উদ্দিন তিতাস
এ প্রজন্মের কবি শফিকুল ইসলাম। ১৯৮১ সালে কবিতায় "বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার" লাভ করেন। তার অনেকগুলি গ্রন্থের মধ্যে "মেঘ ভাঙা রোদ্দুর" একটি অন্যতম কাব্যগ্রন্থ। এ ছাড়া ও "এই ঘর এই লোকালয়", "একটি আকাশ অনেক বৃষ্টি", "শ্রাবন দিনের কাব্য ", "তবুও বৃষ্টি আসুক" প্রভৃতি গ্রন্থ রয়েছে ।
আজ আলোচনা করব "মেঘ ভাঙা রোদ্দুর" গ্রন্থটি নিয়ে। গ্রন্থটির প্রথম প্রকাশ ফাল্গুন ১৪১৪ বাংলা ,ফেব্রুয়ারী ২০০৮ ইংরেজি। ঢাকার আগামী প্রকাশনী বইটি প্রকাশ করেছেন । প্রচছদ এঁকেছেন মাসুক হেলাল । মুদ্রণ করেছেন স্বরবর্ণ প্রিন্টার্স। ৪৮ পৃষ্ঠার এই বইটি। গ্রন্থটির ভাষা সহজ সরল ও সাবলীল । গ্রন্থটির প্রথম কবিতাতেই একা থাকার যে কি বেদনা, কবি তা "অন্ধকার আকাশের তারার" সাথে তুলনা করেছেন ।
"আমি অন্ধকার আকাশের তারা ,আঁধারের মাঝে জ্বলি একা একা
আমার গোপন কান্না রাতের গহন আধাঁরে থাকে ঢাকা।
নয়নে আমার কত যে আশার ছিল স্বপন
আজ স্বপ্ন আমার ভেঙ্গেছে ,ভেঙ্গেছে মন
অশ্রু ভেজা আজ এ দুটি আখিঁ কাজল আঁকা।"
(আমি অন্ধকার আকাশের তারা ,আধাঁরের মাঝে জ্বলি একা একা )
কবি এই কাব্যগ্রন্থটিতে মানব জীবনে সুখের ঠিকানা খোঁজার দৃশ্যের অবতারনা করেছেন। ইহা মানব জীবনের বাস্তব চিত্র। মানুষ সুখ চায়। শান্তি চায় । চায় একে অপরের ভালবাসা। ভালোবাসার মাঝেই সুখ। এভাবেই আসে শান্তি । আর ভালবাসা কিংবা সুখের ঠিকানা খুঁজে না পাওয়ার যে কি বেদনা কবি তার কবিতায় অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ।
"আমি তো ক্লান্ত এখন খুজে খুজে একটি সুখের ঠিকানা
ভালবাসার ছায়ায় ঢাকা একটি শ্যামল আঙিনা।
জানিনা মানুষ কেন যে এত কৃপণ
এতটুকু ভালবাসা দিতে কুন্ঠিত মন
যেখানে আশার হাত বাড়াই ,পাই শুধূ বঞ্চনা।"
(আমি তো ক্লান্ত এখন খুজে খুজে একটি সুখের ঠিকানা)
আবার অন্য কবিতায় তিনি প্রিয়াকে হারিয়ে প্রেমিকের যে দশা হয় বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে । মানুষ মূলত প্রেম ভালবাসা নিয়ে বাঁচতে চায়। আর সেই প্রেম ভালবাসা যদি হারিয়ে যায় কোন অজানায় অজান্তে তখন প্রেমিক হৃদয়ের যে কি অবস্থা হয় তা প্রমানিত হয় "মেঘ ভাঙা রোদ্দুর " কাব্য গ্রন্থের বিভিন্ন কবিতায় । যেমনঃ--
"হয়ত তুমি নেই আমার দৃষ্টির কিনারায়
তুমি ছিলে, তুমি আছ, আমার আঁখির তারায় ।
আমার সুরের পাখি
ব্যাকুল স্বরে উঠে ডাকি
আজও খুঁজে তোমারে আমার মনের নিলীমায়।"
(হয়ত তুমি নেই আজ আমার দৃষ্টির কিনারায়)
অন্য কবিতায় তিনি লিখেছেনঃ--
"প্রহরের পর প্রহর কেটে যায়, আমি একা জেগে থাকি
তারাভরা আকাশের পানে মেলে স্তব্ধ নির্বাক দুটি আঁখি।
কখনও হঠাৎ আসা পবনে
দোলা লাগে ঝাউ বনে
কি যে ঝড় বয়ে যায় আমার প্রাণে-
গন্ধ শেষ দগ্ধ ধূপের মতো আমি একা পরিত্যক্ত পড়ে থাকি।"
(প্রহরের পর প্রহর কেটে যায় আমি একা জেগে থাকি )
মানব জীবনে প্রতীক্ষার প্রহর যে কত কঠিন তা কবি এই কাব্য গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন । একা থাকা এবং প্রিয় মানুষটির জন্য অপেক্ষায় থাকা দুটিই কষ্টের বিষয় । মানুষ সৃষ্টির সেরা জীব। সে সঙ্গ পেতে ভালবাসে। কখনও বাবা -মা,কখনও ভাই -বোন, আবার কখনও তার প্রেয়সীকে নিয়ে দিন কাটায় । কিন্তু যখন তার পাশে প্রিয়জন থাকেনা তখন তার কি অবস্থা হয় তা অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় বর্ণনা করেছেন কবি । যেমনঃ--
"জীবন নিয়ে এই বিজন ভূমিতে একা একা আর পারিনা
মাধুরী ,তুমি চলে এস তাড়া তাড়ি ,দেরি করোনা ।
নির্জনে একা একা কত আর
গুনব প্রহর অধীর প্রতীক্ষার
মাধুরী তুমি যেখানেই থাকো চলে এস দেরি করোনা ।"
(জীবন নিয়ে এই নির্জন ভূবনে একা একা আর পারিনা )
অন্য আর একটি কবিতায় কবি লিখেছেনঃ--
"এক পশলা বৃষ্টিতে হয়ে যায় শরতের আকাশ নির্মল
শত বরষায় ও কি ফুরাবে আমার আঁখিজল?
হঠাৎ আসা দমকা হাওয়ায়
প্রদীপ শিখা নিমেষে নিভে যায়
শত দীর্ঘশ্বাসে ও নিভেনা আমার বুকের অনল।"
(এক পশলা বৃষ্টিতে হয়ে যায় শরতের আকাশ নির্মল ) ।
প্রত্যেক মানুষই তার প্রিয়জনের সঙ্গ পছন্দ করে । প্রিয়জন যখন কাছে থাকে তখন মানব হৃদয়ে এক অপূর্ব আমেজের সৃষ্টি করে । যে কোন ব্যক্তিই তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে । প্রিয়া কাছে থাকলে ভরা অমাবস্যাতেও মনের আকাশ যেন লক্ষ তারাতে ছেয়ে যায় এবং মনের এক তারাতে তার তরঙ্গ বেজে উঠে । আর প্রিয়া চলে গেলে বিশ্ব ভূবন আধাঁরে ছেয়ে যায় এবং সকল গানের সুর থেমে যায় । তাইতো কবি লিখেছেনঃ--
"কি করে বুঝাই বলো কত আনন্দ দেয় আমারে তোমার সঙ্গ
তুমি যে আমার একান্ত ভাবনার প্রিয় প্রসঙ্গ।
তুমি যখন কাছে থাকো, ভরা অমাবস্যাতে
আমার আকাশ ছেয়ে যায় লক্ষ তারাতে
আমার মনের এক তারাতে বেজে উঠে কত ভাব তরঙ্গ।
তুমি চলে যাও যখন ভূবন মোহন রূপ নিয়ে
আমার বিশ্ব ভূবন আধাঁরে আসে ছেয়ে
থেমে যায় যেন আমার যত গান, সুরের মৃদঙ্গ ।"
(কি করে বুঝাই বলো কত আনন্দ দেয় আমারে তোমার সঙ্গ )
কবি না পাওয়ার বেদনাকে অন্য একটি কবিতায় ফুটিয়ে তুলেছেন । মানুষ ভালবেসে কাউকে একান্ত আপন করে নিতে চায়। কিন্তু সেই চাওয়াটা যদি বৃথা হয়ে যায় তাহলে কেমন হয় তার অবস্থা ? যেমনঃ--
"মনের কামনাগুলি মনে
কেদেছে শুধূ নীরবে গোপনে
বেড়েছে শুধূ এই বুকে না পাওয়ার বেদনা।"
(সুখের ঠিকানা আজ খুঁজিনা ,খুঁজি পথের ঠিকানা )
অন্য আর একটি কবিতায় তিনি লিখেছেনঃ--
"কথা ছিল দুজনে মিলে বাধব ঘর
সুখে দুঃখে আজীবন হব দোসর--
তোমায় হারিয়ে আজ আমি আঁখিজলে খুজি সান্ত্বনা।"
(আজ এই আধারে ভাবছি যখন তোমারে বুকে নিয়ে বেদনা )
মানুষ একজন আরেক জনকে ভালবাসে । ভালবাসতে কার না মন চায়? ভালবাসায় দুঃখ আছে ,আছে যাতনা । তবুও মানুষ ভালবাসতে চায় । কবি শফিকুল ইসলাম মানব জীবনের এই চিরন্তন সত্যটিকে তুলে ধরেছেন তার কবিতায় । যেমনঃ--
"ভালবেসে যদি দুঃখ পাই তবুও জীবনে একবার ভালবাসব
হৃদয়ের পরশ দিয়ে একটি হৃদয় জাগাব ।
আমায় দুঃখ দিয়ে কেউ পেতে চাইলে সুখ
তারে ও আমি করব নাতো বিমুখ
কাটার আঘাত সয়েও অন্তত একটি ফুল আমি ফুটাব।"
(ভালবেসে যদি দুঃখ পাই তবুও )
কবি শফিকুল ইসলাম মূলত প্রকৃতি ও প্রেমের কবি। "মেঘভাঙা রোদ্দুর"কাব্য গ্রন্থটিতে কখনও প্রেম কখনো বিরহ আবার কখনও না পাবার বেদনাকে অত্যন্ত সুন্দর ভাষায় ফুটিয়ে তুলেছেন। সমস্ত গ্রন্থটিকে একটি বিরহের কাব্য বললেও ভূল হবেনা । কাব্যগ্রন্থটির শেষ কবিতায় কবি সত্য প্রেমের রূপ তুলে ধরে এর শেষ পরিনতি উল্লেখ করেছেন । যেমনঃ--
"কত পথ ঘুরে নদী খুঁজে পায় একদিন সাগরের মোহনা
কেবল তোমার আমার আর দেখা হবেনা, আমি মানিনা ।
এ প্রেম যদি সত্যি হয়
সত্য হয় এই পরিচয়
তোমার আমার দেখা হবেই একদিন, ভূল হবেনা ।
চোখের জলে ভেসে ভেসে
দেখো একদিন অবশেষে
আমার এ মন খুঁজে পাবে তোমার মনের ঠিকানা।"
(কতপথ ঘুরে নদী খুঁজে পায় একদিন সাগরের মোহনা )
"মেঘ ভাঙা রোদ্দুর" কাব্যগ্রন্থটি মূলত গীতি কবিতার সংকলন । এতে যথেষ্ঠ ছন্দের আবির্ভাব ঘটেছে । মানব হৃদয়ের প্রেম বিরহ ,অনুরাগ,আশা-হতাশা সবই স্থান পেয়েছে এই গ্রন্থটিতে। তাই পরিশেষে বলতে হয় এই গ্রন্থটি সার্বিকভাবে সফল কাব্যগ্রন্থ।
গ্রন্থের নাম-"মেঘ ভাঙা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- ধ্রুব এষ। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


