জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে শিগগির গ্রেফতার করা হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জিয়াদ আল মালুম।
এদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনাল বর্জন অব্যাহত রেখেছেন।
আজ সোমবার সালাহউদ্দিন কাদেরের দু’টি আবেদনের রায়ের দিন ধার্য ছিল। তিনি ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও কোনো কথা বলেননি।
আসামীর অনুপস্থিতিতে অভিযোগ আমলে নেয়ার বিরুদ্ধে তার করা আবেদনটি খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল বলেছে, আসামীর অনুপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে আদালত কোনো আইন ভঙ্গ করেনি।
ট্রাইব্যুনালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে করা অন্য আবেদনও খারিজ করা হয়েছে। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের বক্তব্য হলো, এটি সাংবিধানিক প্রশ্ন। এ বিষয়ে বক্তব্য দেয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই।
সালাহউদ্দিন কাদেরের করা অন্য আবেদনগুলির শুনানি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালত। তবে সালাহউদ্দিন কাদেরের আইনজীবীরা জানিয়েছেন, তাদের আর কোনো আবেদন নেই। রাষ্ট্রপক্ষের কৌসুঁলিরা বলেছেন, তার আরো ছয়টি আবেদন রয়েছে।
এদিকে, জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন আজ হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, ‘অভিযোগ তৈরি এখনো চূড়ান্ত হয়নি। বিকাল তিনটার দিকে আমরা রেজিস্ট্রার অফিসে জমা দেব।’
জামায়াত নেতাদের আইনজীবীরা বলেন, ‘অভিযোগ রেজিস্ট্রার অফিসে জমা দিলে হবে না, সরাসরি আদালতে উপস্থাপন করতে হবে।’
এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১১ ডিসেম্বর অভিযোগ উপস্থাপনের নির্দেশ দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




