আজ নগরীর এক কোনে
ছাদের প্রাচীর ঘেষে
রিক্তহৃদয় একজনা
আকাশ পানে থাকবে চেয়ে।
অপলক চোখে
কিছু সাদা প্রজাপতি উড়বে,
আগুন ছড়াবে
আলো আঁধারির গোধুলীটা।
কোকিলের কুহু তান কিংবা
বসন্ত বিকেল
ভাঙ্গাবেনা ধ্যান তাঁর,
যেনো আলোকবর্ষ দূরে ফাগুনের বেলা।
আজ নগরীর এক কোনে
ছাদের প্রাচীর ঘেষে
অশ্রু শিক্ত হবে
নতমুখী একজোড়া শ্যাওলাটে চোখ।
কৃষ্ঞচূড়ার গায়ে আগুন ছড়াবে ঠিকই
রক্তিম পলাশ বনে দোলা দিবে বাসন্তি হাওয়া;
সে হাওয়ায় প্রাণ ফিরে পাবে
বিবর্ণ বৃক্ষরাজী,
তবু নগরীর এক কোনে
ছাদের প্রাচীর ঘেষে
বয়ে যাবে দুরন্ত এক বৈশাখী ঢেউ,
তছনছ হয়ে যাবে আবছায়া স্মৃতি গুলো
নীল খাম ঢেকে যাবে বিষাদের আস্তরণে;
তারপর শুরু হবে অঝর শ্রাবণ,
একজনা কাঁদবে নিভৃত নির্জনে
নগরীর এক কোনে
ছাদের প্রাচীর ঘেষে,
জানবেনা কেউ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




