বেগুনী
দাঁড়িয়ে ছিলাম বিষাক্ত বন - ভয়াল নদী'র জংশনে
মরতে হবে কুমির কিংবা কেউটে সাপের দংশনে;
কোত্থেকে এক মাতাল হাওয়া হঠাৎ এসে মন্ত্র দেয় -
জয়-পরাজয় যা হবে হোক - তুই শুধু আজ অংশ নে !!!
গাঢ় সবুজ
আর কী বিচার করবে ওরা আদালতের দপ্তরে?
সবাই যখন দেশের তরে আজকে এমন মত্ত রে;
সত্য বিচার হবেই এবার - অপেক্ষা তো ঢের হল
এবার তবে দেখা হবে শাহবাগের চত্বরে !
সোনালী
এত্ত মানুষ এইখানে আজ -- কার ডাকা এই সমাবেশ?
এই সোনালী মশাল মিছিল কার তরে? এ কার আদেশ?
এমন ডাক যে রোজ আসে না, এই ডাকে তাই আসতে হয়
ডাক দিয়েছে আজ আমাদের - সবুজ করুণ বাংলাদেশ !
[ঢাকা থেকে দূরে আছি। শাহবাগ থেকে দূরে... কিন্তু এই সময়ে এমন মহাযজ্ঞ থেকে দূরে থাকা কি বাস্তবিক কারও পক্ষে সম্ভব? আমরা সবাই কি মনে-প্রাণে ওখানে নেই আজ?]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



