জামায়েতে ইসলামীর কর্মীরা মারমুখী হলেও তা প্রতিরোধে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে না বলে দাবি করেছেন সরকার সমর্থক যুব সংগঠন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি সোমবার এক সভায় বলেছেন, “জামায়াত-শিবিরের টার্গেট পুলিশ। তারা একের পর এক পুলিশের ওপর হামলা চালাচ্ছে, অস্ত্র কেড়ে নিচ্ছে।
“তবে, পুলিশ কেন জামায়াত-শিবিরকে প্রতিহত করতে পারে না? তাহলে কি ধরে নেব, পুলিশের ভেতরেও জামায়াত আছে?”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল এবং আটক নেতাদের মুক্তি দাবিতে গত কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি থেকে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা।
এই নিয়ে গত সপ্তাহে যুবলীগেরই এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এই সংগঠনটির নেতা-কর্মীদের জামায়াতকে ঠেকাতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ওই আহ্বানের জবাবে ওই সভায়ই ওমর ফারুক বলেছিলেন, জামায়াত-শিবিরকে ঠেকানো যুবলীগের কাজ নয়।
সোমবারের সমাবেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, “যুদ্ধাপরাধীর বিচার বানচালে স্বাধীনতাবিরোধী শক্তি অরাজকতা সৃষ্টি করছে। এর বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবলীগের নেতৃত্বে যুব গণজাগরণ সৃষ্টি করতে হবে।”
বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে ঢাকার আশপাশের জেলা ও উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান ওমর ফারুক।
সভায় নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও জেলার অন্তর্গত সব উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহবায়ক ও যুগ্ম আহবায়করা ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




