বিদায় জানাতে নেই বন্ধু
এভাবে নি:শব্দে একা একা কেঁদে
ভাঙ্গা গড়ার খেলায় কখনো উপরে,
কখনোবা অনন্ততম নিচে
যতটা পথ আমি দেখতে পাই হয়ত তুমি দেখতে পাও তারও অনেক বেশি
তবুও বিদায় জানাতে নেই বন্ধু
বিদায়ে থাকেনা কোন মোহনীয় ভালোবাসাবাসি
দরিদ্র আমি, তোমায় দিতে পারি এক টুকরো আধখাওয়া চাঁদ
একমুঠো শস্যদানা অথবা একটা পুরোনো কাঁথা
তবু পারবে কি তুমি ডিঙ্গোতে নিজের সরল গণিতের বাধা
পারবে ছুটে যেতে সেখানে, যেখানে স্বপ্নের রং মাখামাখা
অথচ দেখ, তোমার জন্য আমি খুলে দিয়েছি সমস্তটা মহাকাশ
আমি যতটা চিনি তারচেয়েও বিস্তৃত অনন্ত গভীরতর মন
জড়িয়ে আছি সবটুকু দিয়ে
এভাবেই থাকব, তুমি আমি বাঁচব যতক্ষণ
অথচ নিজেকে বাঁচাতে গিয়ে তুমি জানিয়েছ বিদায়
নি:শব্দে, সর্ন্তপণে চুপিচুপি আমাকে না জানিয়ে
মনে হয় সততই আছ জেগে, আসলে রয়েছ ঘুমিয়ে
তবুও তোমাকে আমি জানাইনি বিদায়
অথবা ঠেলে সরিয়ে দেইনি দূরে
দেখ তোমাকে নিয়ে উড়ে বেড়ায় ঘুমন্ত খাট
আমার সমস্ত মহাকাশ জুড়ে
ঘুমিয়ে ঘুমিয়ে তুমি জানাও বিদায়
আর পুরোনো স্বপ্নের আশ্রয়ে যাও ফিরে
জেগে উঠতে চাও দ্বিধাহীন সকালে
আসলে চুপিসারে যাও সরে
তবুও কখনোই আমি জানাবো না বিদায়
অথবা লুকাবো না যুক্তির ঘোরে
আমি পালাবো না অনন্ত নৈ:শব্দে
আমি হারাবোনা অভিমানের ঝড়ে
আমি করে চলব নিরন্তর সৃষ্টি
আমি বারবার আসব ফিরে
আমি বয়ে চলব নি:সঙ্গ স্বপ্নলোক
আমি ভুগব নারকীয় যন্ত্রনার জ্বরে
তবুও আমি হারিয়ে যাব না কখনোই
তবুও আমি পালাতে চাইব না দূরে
কেননা মহাকাশগুলোর জন্ম হয়
এমনি ঘুমন্ত নক্ষত্র মরে মরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


