স্লিপিং চেয়ারকোচ এর বিষয়টা যখন এদেশে প্রথম প্রথম তখন দিনাজপুর থেকে ঢাকার খালেকের বাসকেই সবচেয়ে দামী মনে হত। উপজেলা শহর ফুলবাড়ীর ভাঙ্গা বাসগুলোর মত নয়। হীনো চেয়ারকোচ সার্ভিস। ঝকঝকে বাস, খালেক নামটাকেই তখন বনেদী মনে হত, যেমন মনে হত ঢাকার মানুষগুলোকেও। অথবা সম্প্রতি ঢাকা থেকে ঘুরে আসা মানুষদেরকেও। তাদের কন্ঠে কিসের যেন ছোঁয়া....বনেদী,পরিষ্কার, শব্দের প্রতিটা উচ্চারণ স্পষ্ট। কথার যে অংশটুকু সে সময় পর্যন্ত ঢাকাইয়া সেটাও এক অদ্ভুত নতুন ব্যাঞ্জনাময় শোনাতো।
যে যুবকটি কলাবাগান থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রার জন্য স্টপেজে এসেছে, বান্দরবানের বাসটি দেখে অনেকদিন পর তার শৈশবের সেই বাসের কথা মনে পড়ল। যদিও পরবর্তীতে সে জেনেছিল যে এই রুটে এসি বাসগুলো এখন অনেক উন্নত। দেশের বিভিন্ন অঞ্চলে বাস ভ্রমনের অভিজ্ঞতা থেকে এই উন্নত বিষয়টার সীমা সম্র্পকে তার পরিষ্কার ধারণা আছে....সড়ক পথেই বিমানের প্রথম শ্রেণীর চেয়ারের স্বাদ সে চাকুরীতে ঢোকার পর থেকেই পেতে শুরু করেছে। কিন্তু কোনটাই শৈশবের সেই বাসের মত নয়, বাছাইয়ের ক্ষমতা নি:সন্দেহে মুগ্ধতা কমাতে থাকে। সম্ভবত কিছুটা মুগ্ধতা আর ক্লান্তি এড়ানোর জন্য সে জীবনে প্রথমবার বান্দরবার যাচ্ছে, আসলে পার্বত্য অঞ্চলেই এই প্রথমবার।
বান্দরবান শহরের প্রধান মোড়
রাঙ্গামাটি কাপ্তাই যাওয়ার ব্রীজের উপর থেকে সাঙ্গু নদী
সেই ব্রীজ
উপর থেকে তোলা ছবি
নদী
নদী
বান্দরবান শহর
প্রাক কথন: বেশ বড় একটা সময় নিয়েই ভ্রমন নিয়ে লিখবো বলে ভাবছি। কিন্তু গতানুগতিক ছবি ব্লগ বা ট্যুরিস্টিক আহা উহুতে আগ্রহ হচ্ছে না। সে চেষ্টা আগের অনেক পোষ্টে করেছিও। মহেশখালী ছবি ব্লগ ইত্যাদি। আমার মনে হল ব্লগের প্রায় বিদ্যুৎ গতির পোষ্ট পিছিয়ে পড়া এবং বিযুক্ত হওয়ার রাস্তা বাদ দিয়ে সমান তালে লিখে যেতে থাকি। কারণ অনেক কথা বলার আছে যা এই রাস্তায় সম্ভব না। অপঠিত থাকার বেদনাদায়ক ঝুঁকিটা মাথার উপর থাকুক, ভেতরে ভেতরে এত বাচাল বোধ করছি সেটা প্রকাশ হওয়া দরকার। ফলে পাঠক দর্শককে আসলে একটা জার্নির জন্য আহবান করছি..পথই বলে দিক আমরা কোথায় পৌছাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

