মানুষ, আশ্চর্য্য স্মৃতিবাজ মানুষ,
ন্যাপথোলিনের গন্ধেও,
ভুলে যাওয়া এপিটাফের ভেতর থেকে তুলে নিয়ে আসে
আস্ত কফিন।
ভেতরে শোয়ানো থাকে সুগন্ধিবোতল,
নিঃশেষিত, সম্পূর্ণ। কঙ্কালসার।
কখনো ব্যবহারও হয়নি খুব, তবুও নিঃশব্দ চুপ।
উবে গেছে পুরোপুরি, যা ছিল নির্যাস।
আরডেন বিউটি।
একটা গন্ধের স্মৃতি, কিংবা ইতিহাস।
মাটি কামড়ে এগিয়ে আসে অকস্মাৎ
একটা ভাঁজ-পড়া দোকানী প্যাকেটের ভেতর থেকে
ঝাঁপিয়ে পড়ে।
কোল বরাবর।
আমি তাকে ফেলতে পারি না,
আমি একে রাখতে পারি না,
একটা অবুঝ শিশুর মত, সে
কেবলি এগিয়ে আসে।
আমি তাকে প্যাকেটশুদ্ধো ভাঁজ করে
চালান করি ওয়ার্ডরোবে।
আর তার গোপন ভাঁজ থেকে উড়ে আসে,
গন্ধহীন স্মৃতি।
পুরো ঘর ছেয়ে ফেলে।
আমি আতংকে ঘর ছাড়া হই,
হিম হয়ে চিৎকার করি।
কেউ বিশ্বাস করে না,
ঐ ভাঁজ করা দোকানী প্যাকেটে
একটা নিরিহ পাঞ্জাবী ছাড়া আর কিছু পাওয়া যায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



