২০১৩ এর সকাল। বাউনিয়া, মিরপুর।
২০১৩ এর আর কয়েক ঘন্টা বাকী। সালতামামিতে ভরে গেছে সব পত্র পত্রিকা। গুগুল-ফেইসবুক-ইউটিউব-ব্লগের ট্রেন্ড নিয়ে মাতামাতিও হচ্ছে খুব। সময়ের সাথে জীবন বদলায় নাকি দৃষ্টিভঙ্গির দাপটে সে তর্কটা চলছে এখনো। "প্যাট দিয়াই জীবন চলে" আর "বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস" এই দুটো খুব সত্য হয়ে উঠেছে আমাদের জীবনে। ব্যক্তিজীবন বলে আদৌ কি কিছু আছে? এই ভয়ানক সারভেইলেন্স আর বিপণন বিশ্বে? মনে হয় না। তারপরও মানুষ, বোকা মানুষের একটা করে গান থাকে। এই গান দিয়ে সে নিজেকে দেখে, দেখে অন্যকেও।
গ্রামীণ শীত ডিসেম্বরের শেষ দিনে এসে ঢাকা ঘাই মারলেও খুব জুত করে উঠতে পারছেনা এখনো। ব্যতিক্রম শুধু পথ মানুষ। পথমানুষের কথা কেই বা মনে রাখে।
ঘোলাটে আকাশে গর্জন করা তীব্র মেঘ নেই, তবু্ও মনে, "মেঘ থম থম করে কেউ নেই" শুকিয়ে গেছে কুয়াশার জল, তবুও মনে, "জল থই থই করে কিছু নেই"। যেই মানুষের দিকে তাকাই তাদের ভেতরে দেখি, "আঁধারের যে নেই পারাপার"। "ভাঙনের যে নেই পারাপার"। "তুমি আমি সব একাকার"। মোচড় দিয়ে ওঠে অজানা কুঠুরিতে। মানুষ পুড়েছে, পঙ্গপালের মত মরেছে, ধর্ষিত হয়েছে, পিষ্ট হয়েছে। "তুমি আমি সব একাকার"। "তুমি আমি সব একাকার"। "তুমি আমি সব একাকার"। "তুমি আমি সব একাকার"।
মানুষ প্রতিবাদ করেছে, মানুষ প্রতারিত হয়েছে, মানুষ প্রভাবিত হয়েছে, মানুষ পরাস্ত হয়েছে, মানুষ বেঁচে উঠেছে।
হয়ত মানবজনমের এই রীতি, ধংস নিশ্চিত জেনেও তাকে স্বপ্ন দেখতে হয়। স্বপ্নই তার কাছে সত্য।
বুকের মাঝে মেঘ থমথম করে, কেউ নেই কেউ নেই। আর তখনি কেউ একজন বলে ওঠে আছি, আছি, ব্যক্তিতে আছি. সমষ্টিতে আছি, তোমার সবচেয়ে দূর্বলতম সময়েও আছি। হতে পারে এটাই মানুষের ম্যানুফ্যাকচারিং ফ্ল। অথবা এটাই সর্বোচ্চ সত্য।
"পুরানো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়
ঝড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের ঘর।
নুতন মাটিতে আসে ফসলেরই কাল
আঁধার পেরিয়ে আসে আগামী সকাল।"
ভুপেন মারা গেছেন, লোকটার গান রয়ে গেছে। অদ্ভুত না?
হয়ত এজন্যই একটা মৃত্যু কিংবা একটা জীবনের স্বপ্ন দেখি। কিংবা দুটোরই।
"রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ
রোদ ঝলমল করে দেখ ঐ
বাতাসের যে নেই হাহাকার
পথ নেই যে পথ হারাবার
রাত ঘুম ঘুম ভোরে জাগে ঐ। "
ইংরেজী নববর্ষ একটা ছুতা মাত্র। মানুষের নিয়মিত অন্য মানুষকে শুভেচ্ছা জানানো উচিৎ। শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



