গন্ধরাজ ছুঁয়েছে সকাল
তাজা গন্ধমে ভরে গেছে লেপওয়ালা ফ্ল্যাট
স্বপ্নের এসএমএস এইমাত্র জানিয়ে দিল
তিন কেজি লাল টকটকে মাংসের সাথে
দেড়শ গ্রাম কাঁচা মরিচ ফ্রী! ফ্রী! ফ্রী!
দুপুরের তন্দ্রা পুরানো ব্রা-এর হুক হয়ে ঝুলছে
না বলা কথার রেশ
সেইসব আর্ন্তজাতিক অসম্পূর্ণ কল
এবং সম্পূর্ণ সালতামামি, বছরের;
দূরের মহাদেশ থেকে,
যেন চাকরীর তদবিরের নরম কেঁচোকন্ঠ তোমার
যৌথ অপরাধবোধ কিংবা খোঁজ নেয়া ক্ষত
কি এক চক্র-পূরণের আভাস এখনো
রক্ত কি শুকালো?
শোন, সোজাসুজি বলি
মোটা হয়েছি অনেক
ঘাড় থেকে কোমর অবধি স্থবির চর্বি
পিছু ফিরতে পারিনা এখন
দু দুটো আয়না সামনে পেছনে দিলে
তবে দেখতে পাই কিছুটা
চাবুকের দাগ শুকায়নি এখনো
রক্তরা গড়িয়ে পড়ে অনিয়ন্ত্রিত
সাদা টাইলস্ এ তাদের না মোছা দাগ
তবে এসব এখন ভুলে যেতে চাই আমি
কার হাতে নাটাই ছিল, কার হাতে বিষ
কিংবা কার পিঠের পেছনে লুকিয়ে ছিলে তুমি
আমি নিশ্চিত তোমার মৃত্যুতে
অন্য কারো হাত ছিলনা
এবং আরো নিশ্চিত করে জানি
আত্মহননের পর
নিজের পিঠের পেছনে লুকিয়ে থাকা যায়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



