ইউরোপ সেরার লড়াইয়ে আজ রাতে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কয়েকদিন আগেই কিংস কাপের ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপাটা হাতছাড়া হয়ে গেছে বার্সার। আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট পাওয়া, সেই সঙ্গে আগের হারের প্রতিশোধ নেওয়ার জন্য নিশ্চয়ই নিজেদের সেরাটাই ঢেলে দেওয়ার চেষ্টা করবে কাতালানরা। তবে আজ তারা মাঠে পাবে না মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা আন্দ্রেস ইনিয়েস্তাকে। পায়ের ইনজুরির কারণে মাঠের বাইরেই কাটাতে হবে এই স্প্যানিশ মিডফিল্ডারকে।
বার্সা কোচ পেপ গার্দিওলা গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ইনিয়েস্তা খেলতে পারবে না। এটা পুরোপুরিই নিশ্চিত। আশা করছি দ্বিতীয় লেগের খেলায় তাকে আবার মাঠে পাওয়া যাবে।’ ইনিয়েস্তার জায়গায় আজ মাঠে দেখা যেতে পারে থিয়াগো আলসান্দ্রাকে। ডিফেন্ডার ম্যাক্সওয়েলও পড়েছেন ইনজুরির কবলে। তবে বার্সা সমর্থকদের জন্য সুখবর যে ইনজুরি কাটিয়ে আজ পুরোপুরি ফিট অবস্থায় মাঠে ফিরবেন অধিনায়ক কার্লোস পুয়োল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগের ম্যাচটায় পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গার্দিওলা শিষ্যদের। তবে সেজন্য বার্সার চিরাচরিত আক্রমণাত্মক ধারাটা পরিবর্তন করবেন না গার্দিওলা। তিনি বেশ স্পষ্টভাবেই বলেছেন, ‘আমরা সচরাচর যেভাবে খেলি, সেভাবেই খেলব। কারও ইনজুরির কারণে আমরা খেলার ধরন পরিবর্তন করতে পারব না।’
ইনজুরি সমস্যা আছে রিয়াল শিবিরেও। রিয়ালের জার্মান মিডফিল্ডার সামি খেদিরাকে থাকতে হবে মাঠের বাইরে। তাঁর জায়গায় প্রথম একাদশে জায়গা পেতে পারেন লাসানা দিয়ারা। এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পাওয়ায় মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার রিকার্ডো কারভালহোও। বিবিসি অনলাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


