...............
ভালবাসা বলে কোন শব্দ নেই,
ঝলসে যাওয়া সময়ের অভিধানে...
মায়া হরিনীর নৃত্য দেখে ভুলে যেওনা
তারও আছে ধারালো শিং আর খুরের হিংস্রতা
সাত সমুদ্র তের নদী খুঁজে এসো
তারপর যেও বলে,
পেয়েছো কি কোন সোনালী উষার দ্বীপ!
যেখানে ভালবাসা প্রজাপতি হয়ে ওড়ে
আশ্বিনের নরম বিকেলে,
ফিঙে হয়ে নাচে ঝিঙে ফুলের মাচান জুড়ে।
যেখানে ভালবাসা নক্ষত্র জোৎস্না সামিয়ানা পর
অন্ধকারের বুকে জেগে থাকা নাবিকের
পথের দিশা উজ্জ্বল বাতিঘর।
জানি পাবেনা, পাবেনা কোনদিন !
চোরাবালির ক্যামোফ্লেজ, নেশার ঘোরে
ভুলের বুদবুদে কত তাজমহল হয়েছে বিলীন।
কত সুবর্ণ ভোর খেয়ে পুষ্ট হয়েছে স্বপ্নভূক তিমির,
পথের ধুলায় মিশে আছে কত করুন ইতিহাস
রজকীনি আর চন্ডিদাস-
কত হৃদয়ের রক্ত মিশে ভারি হয়েছে ভোরের শিশির।
দেখিবে শুধু চারদিকে শূন্য বালুচর
তীর ভাঙা ঢেউ ভাঙিছে কত স্বপ্নের ঘর
অজস্র বিষাদ বুকে লয়ে উড়িছে গাংচিল
একা একা- সেখানে কেবল বিষাদের গাঢ় নীল।।
ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি; ভালবাসা
সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ,
অফ্রোদিতির মায়াবী চোখের মিথ,
ঠাকুর মা'র ঝুলি, কল্পলোকের ছায়া,
কিংবা-
জ্বরা গ্রস্ত শয্যায় অর্থহীন প্রলাপ ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




