প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলদার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে প্রহসনের বিচারের নামে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ফাঁসি দেওয়ার ঘটনা পুনর্তদন্ত করে আবার বিচারের বিষয়টি সরকার বিবেচনা করছে। গতকাল সংসদে সিরাজগঞ্জ-৬-এর সাংসদ চয়ন ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। বিকেল সোয়া ৩টায় স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। কোনো টিভি চ্যানেল জঙ্গিবাদ মদদ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সাংসদ ডা. মতিউর রহমানের অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোনো বেসরকারি টিভি চ্যানেল জঙ্গিবাদ মদদ দিলে বা জঙ্গিবাদ উৎসাহিত করে এমন সংবাদ প্রচার করলে সরকার ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের অবস্থান সুদৃঢ়। তিনি বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলো নীতিমালা লঙ্ঘন করছে কি-না এবং রাজস্ব ঠিকমতো দিচ্ছে কি-না তা খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজস্ব ঠিকমতো না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টির সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিটিভির জন্য অত্যাধুনিক নিউজ অপারেশন সিস্টেম প্রবর্তনে দ্রুতগতির ভিডিও নিউজ গ্রহণ ও প্রেরণের পদ্ধতি যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যানেলটির অনুষ্ঠান ও বার্তা শাখার জন্য গ্রাফিক্স ইউনিট নতুনভাবে স্থাপন, দক্ষ গ্রাফিক্স নির্মাতা নিয়োগ, নতুন ক্যামেরা ও ভিডিও সম্পাদনার যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে।
বিদেশে জমি লিজ নিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বিদেশে বিশেষ করে আফ্রিকাসহ বিভিন্ন দেশে জমি লিজ নিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সাংসদ শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আফ্রিকার কয়েকটি দেশে প্রচুর জমি আছে, লোকবলের অভাবে যেগুলো চাষ হয় না। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কৃষকদের সেসব দেশে নিয়ে গিয়ে জমি চাষের ব্যবস্থা করতে। সেসব দেশের জমি আমাদের কৃষকরা চাষ করলে উৎপাদিত ফসলের একটি অংশ সংশ্লিষ্ট দেশ এবং একটি অংশ আমাদের কৃষকরা পাবেন। দেশের খাদ্য সংকট মোকাবেলায় যে দেশেই জমি পাওয়া যাবে সেখানে আমাদের দেশের কৃষকদের পাঠিয়ে চাষ করানো হবে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট থাকার পরও সেচ কাজের জন্য কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আগামী ইরি ও বোরো মৌসুমেও কৃষকদের বিদ্যুৎ নিশ্চিত করা হবে। আর যেখানে সম্ভব হবে না, সেখানে ডিজেলে ভর্তুকি দেওয়া হবে। বর্তমান সরকারকে কৃষকবান্ধব সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজেলে ভর্তুকির জন্য কৃষকদের কার্ড দেওয়া হবে। 'জোট সরকারের আমলের কৃষক হত্যার বিচার হওয়া প্রয়োজন'
সাংসদ বেগম আশরাফুন নেছা মোশাররফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যার ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই কৃষক, শ্রমিক, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা-নির্যাতন করে। আমি মনে করি, এর তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।
সাংসদ নাজিমউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আগামী ১৫ জানুয়ারি থেকে রাজধানীর মিরপুর-১২ থেকে আজিমপুর রুটে বিআরটিসির স্কুলবাস সার্ভিস চালু হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি স্কুলবাস ১০ মিনিট পরপর চলাচল করবে। এসব বাসের ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ২০ পয়সা হিসেবে ৫ টাকা থেকে সর্বোচ্চ ১৮ টাকা। সাংসদ মোল্লা জালালউদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে পুঁজিবাজার সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনসহ পুঁজিবাজার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভ টিজিং সংক্রান্ত প্রচলিত আইন-কানুন পর্যালোচনা করে একে যৌন হয়রানি হিসেবে অধিকতর শাস্তির বিধান রেখে এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি একটি সামাজিক সমস্যা। তাই শুধু নতুন আইন প্রণয়ন করা বা আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয়তা যথেষ্ট নয়; ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।
বাপেক্সের প্রকল্প বাস্তবায়ন হলে গ্যাসের মজুদ বাড়বে
সাংসদ জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত ১০২১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে ২৪৯১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে এবং ৩৭৩৩ মেগাওয়াট ক্ষমতার ১১৫৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী ছয় মাসের মধ্যে এগুলোর কার্যাদেশ দেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী বলেছেন, বাপেক্সের প্রকল্প বাস্তবায়ন হলে গ্যাসের মজুদ বাড়বে। দেশে প্রায় ৩ থেকে ৩.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ বাড়বে বলে আশা করা হচ্ছে। সাংসদ মোঃ হারুনুর রশীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, গভীর সমুদ্র অঞ্চলে দুটি ব্লকের বিরোধমুক্ত এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আমেরিকান কোম্পানি কনোকো ও ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকার অনুমোদন দিয়েছে। শিগগির চুক্তি স্বাক্ষর হবে। এরপর দুটি ব্লকের তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করা হবে। তিনি বলেন, দেশে জ্বালানি তথা গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য সরকার নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে দেশের অভ্যন্তরে স্থলভাগে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি 'বাপেক্স' তাদের জন্য বরাদ্দ করা এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে। আবদুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একসময় শোনা যেত বাংলাদেশ তেলের ওপর ভাসছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গ্যাস অনুসন্ধান বা আহরণ করেনি বলে আজকে গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রকৃতিও বোধহয় তাদের প্রতি বিমুখ ছিল। এ কারণে তারা গ্যাস সংগ্রহ করতে পারেনি। বর্তমানে সিসমিক সার্ভে করা হচ্ছে।
সমুদ্রবন্দরগুলোর সার্বিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা
নির্বাচনী অঙ্গীকার পূরণ ও দেশের অর্থনীতি জোরদার করার লক্ষ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ দেশের সমুদ্রবন্দরগুলোর সার্বিক উন্নয়নের জন্য সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পার্টির বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দর উন্নয়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্প নিয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে_ চট্টগ্রাম বন্দরে কম্পিউটারাইজড কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তনসহ চিটাগাং পোর্ট ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প, নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৪ ও ৫ নং বার্থের পেছনে সুবিধা নির্মাণ এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য এসওটি ভিত্তিতে বেসরকারি গ্গ্নোবাল অপারেটর নিয়োগ। বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রী বলেছেন, বুড়িগঙ্গা ও তুরাগ নদীর প্রবাহ বৃদ্ধি ও নদীর পানি দূষণ কমানোর লক্ষ্যে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার শীর্ষক প্রকল্প ২০১০-১১ অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারি দলের জাহিদ মালিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় নতুন ধলেশ্বরী, পুংলি, বংশী, তুরাগ ও বুড়িগঙ্গা নদী খনন করা হবে।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


