সাদাভাতে নুন মাখিয়েছি ।
স্বপ্ন দেখি একদিন গোমাংস খাব
কিংবা সর্ষে ইলিশ ।
পেট পুরে খেয়ে ঢেকুর তুলবো
বিরক্ত হবে চারপাশ ।
তোরা নামি রেস্টুরেন্টে খাবি
তন্দুরী আর লেগরোস্ট ,
স্প্রাইটে ছোট ছোট চুমুক দিবি ।
হালকা গলায় কথা বলবি
আমি তাকিয়ে থাকবো দূর থেকে
আড়াল থেকে , বুভুক্ষের মতো ।
টিস্যুতে যখন হাত মুছবি ,
দোহাই তোদের
উচ্ছিষ্টটুকু আমাকে দিয়ে দিস ।
অগ্নিকুন্ড জ্বালাবি তোরা
দামী অগ্নিকুন্ড ।
আমি তৃষিত কাকের মতো তাকিয়ে থাকবো
দোহাই তোদের
ছুঁড়ে ফেলার আগে অগ্নিকুন্ড
আমাকে দিয়ে দিস ।
দোহাই তোদের
উচ্ছিষ্টটুকু আমাকে দিয়ে দিস ।
তোরা জানিস না ,
তোদের হাতে লেগে থাকা ঝোলটুকুর জন্য আমি দীর্ঘবছর অপেক্ষা করে আছি ।
তোরা জানিস না
তোদের ছুঁড়ে ফেলা অগ্নিকুন্ডে পুড়তে আমি দীর্ঘমাস অপেক্ষা করে আছি ।
তোরা জানিস না
তোরা জানিস না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


