“এতো সময় লাগলো যে?হারিয়ে গিয়েছিলে বুঝি?”
আমি কিছু না বলে, শুধু মাথা নেড়ে সায় দিলাম।
“খুঁজে পেলে কি করে?”
আমি বললাম,”ইচ্ছে করে হারালে খুঁজে পাওয়া যায়।”
“ও মা! ইচ্ছে করে কেউ হারায় নাকি?”
আমি ঠোঁট বাকিয়ে হাসলাম।
বললাম,”হারাবেনা কেন? খুব হারায়!”
তারপর আমার দীর্ঘক্ষনের মৌনতায় তুমি মিলিয়ে গেলে সন্ধ্যায়।
তোমাকে হারানোর পর আমি কিচ্ছু খুঁজে পাইনি।
টেবিলের উপরেই ছিলো চশমাটা,
খুঁজে পাই নি।
আমার স্বল্প অন্ধত্ব আমার দিকে তাকিয়ে বিশ্রী করে হাসছিলো।
ছেড়া চামড়ার মানিব্যাগে কিছু খুচরো পয়সা ঝনঝন করে বাজছিলো;
বাজছিলো না ঠিক, হাসছিলো।
মনে হচ্ছিলো সেই খুচরো পয়সাগুলো আমার দরিদ্র্যতাকে উপহাস করছিলো।
কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।
আমার ময়লা টি-শার্ট খুঁজে পাচ্ছিলাম না।
ছেঁড়া জিন্স, পাতলা হয়ে যাওয়া লুঙ্গী কোনটাই না।
ঘরময় শুধু শুকনো খনখনে হাসি।
ঠাট্টার হাসি,
কটাক্ষের হাসি।
বিশ্বাস করো,
তোমাকে হারানোর পর আমি কিচ্ছু খুঁজে পাই নি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


