লিখতে চেয়েছিলাম পোড়া চোখের গান
কবিতায় আঁকতে চেয়েছিলাম অমাবস্যা রাতের বৃষ্টি ছন্দ।
লিখতে চেয়েছিলাম নির্ঘুম অরণ্যের গান
কবিতায় আঁকতে চেয়েছিলাম সে অরণ্যের অন্ধ পাখির দুঃখ গাথা।
লিখতে চেয়েছিলাম শব্দহীন অনুভূতির গান
কবিতায় আঁকতে চেয়েছিলাম শব্দহীন প্রেমপত্র।
লিখতে চেয়েছিলাম রংধনুর গান
কবিতায় আঁকতে চেয়েছিলাম ডানামেলা প্রজাপতি।
লিখতে চেয়েছিলাম পোড়া চোখের সমুদ্র স্নানের গল্প
কবিতায় এঁকে দিতে চেয়েছিলাম ফেলে আসা স্মৃতির দেয়াল ।
আর লিখতে চেয়েছিলাম , কোন একদিন ভেজা রাজপথে
নিকোটিনে দগ্ধ হবার গল্প।
কবিতায় এঁকে দিতে চেয়েছিলাম সে রাতের অবিরাম বর্ষণ ।
লিখতে চেয়েছিলাম কল্পবিলাসী অভিমানী রাজকুমারের গল্প , রাজকুমারের ভ্রান্তিবিলাস আর অভিমানের সাতকাহন!
লিখতে চেয়েছিলাম অচেনা রাজকুমারীর গল্প ,কবিতায় রাজকুমারীর চোখের মায়া আর তার দিকভ্রান্ত পথের ছায়াপথ আঁকতে চেয়েছিলাম !
লিখতে চেয়েছিলাম একা একা হাটতে থাকার গল্প , ডানাভাঙ্গা গাংচিলের সে পথে ক্লান্ত উড়তে থাকা আর না বলা অনেক কথা ।
কিচ্ছু পারলাম না , শুন্য কবিতার খাতাটা পড়ে থাকুক এখানে
রাজকুমারী হয়তো এসে দেখে যাবে ,
শুন্য খাতার পাতায় পাতায় মিছে অভিমানের পাহাড় ,
হয়তো প্রেমহীন কিংবা নির্ঘুম প্রেমিকের আর্তনাদ।
শুন্য খাতার বিষণ্ণ ছেঁড়া পাতা!!
বিষণ্ণ পাতা কটা এখানে পড়ে থাকুক অযত্নে !!
ব্লগে লগইন করেই দেখলাম দুবছর হয়ে গেলো ! পরিসংখ্যানের খাতায় দেখলাম ২ বছর ২২ ঘন্টা ! বর্ষপূর্তি পোষ্ট দেয়া নাকি নিয়মের ভিতরে পড়ে তাই কিছু একটা পোষ্ট করার প্রয়োজন বোধ থেকেই অনেক আগে লিখে রাখা এ কবিতাটা পোষ্ট করা ! বর্ষপূর্তি পোষ্টে সাধারনত সবাই হ্যাপি ব্লগিং কিংবা বর্ষপূর্তি শুভ হোক লিখে চলে যায় ! আশা করি এই পোষ্টে তার ব্যাতিক্রম হবে !
আর বলে রাখা দরকার আমার ব্লগিং জীবনের বয়স মোটেই দুবছর নয়। প্রকৃত বয়স টা ফেলে আসা প্রিয় নিক স্বপনবাজ এর বয়সের সমান! এই নিক হারিয়ে ফেলেছিলাম ৭ দিন পরই ! একদিন নিজের নাম লিখলে গুগল কি দেখায় সে লোভ থেকে এই নিকের ইউআরএল খুজে পাই , সেখান থেকে পাসোয়ার্ড ও ! কৃতজ্ঞতা যারা অনুপ্রেরণা দিচ্ছেন এবং যারা মাঝে মাঝে সামনে পেছনে সমালোচনা করছেন ! নিজের জন্য লিখি , একান্তই ভালো থাকার জন্য ! হ্যাপি ব্লগিং !
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



