
বাংলা তুমি আমার সুখের আরশি নগর
প্রাণের গহীন গহনে তোমার ঘর
তুমি আমার শখের নকশীকাঁথা
অনন্ত প্রেমের অফুরান পথচলা ।
তুমি আমার অসমাপ্ত কবিতা
নরম পলিমাটি দিয়ে গড়া
কখনও হৃদয় ছোঁয়া মেঠোপথ
কখনও সে পথ পিছডালা
তুমি অল-গলি রাজপথ
এক মায়াবী বটছায়া।
তুমি সবুজ জমিন
সিঁথিপাতা আল-পথ
কাদা পায়ে সীমাহীন সুখে
আমার হেঁটে যাওয়া
তুমি মাঠের পরে মাঠ
দিগন্ত খোঁজে পাওয়া ।
তুমি প্রান্তরে বয়ে যাওয়া
আঁকাবাঁকা নিঃসীম নদী
এলোমেলো উদাসী হাওয়া ।
তুমি বদ্ধ-দুপুর পদ্ম-পুকুর
শত ফুলের ঘ্রাণ
হৃদয় ভরে নেওয়া
সাত সকালে পাখির কলতান
আমার হারিয়ে যাওয়া ।
তুমি হেমন্তের সোনাধান
সবুজ ফসলের ডালা
ঘাসের বুকে ঝলমলে শিশির
শিউলী ফুলের মালা
তুমি শরতের স্নিগ্ধ আকাশ
শুভ্র মেঘের ভেলা ।
তুমি শীত কুয়াশার ফুল
মিষ্টি খেজুরের রস
ধূপছায়া নীরবতা
তুমি অবারিত নীলাচলে
তিড়িবিড়ি মরিচীকা ।
তুমি বসন্ত-কোকিলের গান
মাটির সোঁদা ঘ্রাণ
রাখালের বাঁশি
কিশোরীর হাসি
তুমি উথলা দক্ষিণ হাওয়া
হৃদ- গহীনে শ্যামল প্রেমের ছোঁয়া ।
তুমি কত কবির মুগ্ধ কবিতা
ক্ষ্যাপা বাউলের একতারা
পথে পথে সুর ছড়িয়ে
হৃদয় জুড়িয়ে নেওয়া
তুমি মাঝির ভাটিয়ালী সুর
ছলছল পালতোলা নাও
অজানায় হারিয়ে যাওয়া ।
তুমি ফেলে আসা দিন
আমার দুরন্ত ছেলে বেলা
তুমি আমার মায়ের আঁচল
সকল সুখের বায়না
তুমি আমার জন্মভুমি
সাত জনমের পাওনা ।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




