তুলসী পাতার ফাঁকে,
কিংবা পথের বাঁকে,
হারিয়ে গেলে জাদুকরের কবুতরের মত।
খুঁজি পাতায়-পাতায়,
ডায়েরী, বইয়ে, খাতায়,
পাইনা কিছুই, শুধু বাড়ে গভীর হওয়া ক্ষত।
আমার গল্প এমন,
বিষাদগুলো যেমন,
দেখেছো কী উড়তে ফড়িং ভাঙ্গা দুটি ডানায়?
গল্পগুলোর হরফ,
গলে যাওয়া বরফ,
পাথরচাপা অভিমান সবাইকে কী মানায়?
জানতে না কী কিছুই?
ছাড়বে না যে পিছুই,
"স্মৃতি" নামক নষ্টভ্রষ্ট নাছোড়বান্দা কলম।
এমনটাতো তো হবেই,
দাগগুলো তো রবেই,
যতই প্রলেপ দিক সময়ের ব্যথানাশক মলম।
কাঁদে শীতল জলও,
যতই তুমি বলো,
আসবে ফিরে ধলপ্রহরের একটুখানি পরে।
কেউ আসেনা ফিরে,
কাঁচ হয়ে যায় হিরে,
স্মৃতিভ্রষ্ট ঝিনুকগুলো আর ফেরেনা ঘরে।
এমনি করেই কাটে,
শামুকভাঙ্গার ঘাটে,
কাঠের খেয়া বিপথে যায়,আর আসেনা তীরে।
সময় গড়ায় ধায়,
সময়ও নিরুপায়,
মুছে যায় যারা আর কখনোই আসেনা আবার নীড়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




