মাইট্যা আলুর লতায় শেষ বিকেলের মেঘ মেদুর আকাশের গা চুইয়ে আসা আলোর রহস্যময়তায় এক আচানক সবুজ জাগে। তলে তলে আরো গাঢ় হয়-আন্ধার কালা হয়। পুবান বাতাসের দোলায় কচু ক্ষেতে ঝিকিয়ে ওঠে আসন্ন বর্ষা। সর সর শব্দ জাগে। হামেল মেঘেরা গোঙায় আকাশে-জনমের যাতনায় ছটফটায়। জলে আর সুরুযে তার সঙ্গম। তাপে তাপে জল উষ্ণ হয়-উদ্বাহু হয়। আকাশ তার আঁতুর ঘর। কিন্তু পোয়াতি মেঘ যে বাচ্চা বিয়ায় তা-ই মাইনষের দুনিয়াতে ঝরে ঝরে পড়ে। সেই মানুষের দুনিয়া আজ আইলে আর সীমানায় আলাদা। সেই মানুষের জীবন আইজ রক্তে আর লালায় ভাসমান। এখন বাতাসে যত না ঘামের বাস আসে তারো বেশি আসে নোনা কান্না-বোবা বোবা। গোঙায় ভয়ে ভয়ে। হেঁচকি ওঠে-থেকে থেকে। দীর্ঘশ্বাস আসে নীরবে। দুঃসহ এক আবেগি জল ঝরে চোখে-নিরুপায়। বোঝে, অনেকেই বোঝে-একই জল যে সবার চোখে। একই বৃষ্টিতে সবাই স্নাত হয়। আর পেট, এই পেটের খাই খাই মানেই কী জীবন। এক ভাত-ই কি জীবনের সব। তাইলে পাখি গায় ক্যান। ক্যান একটা চাঁদ ওঠে আকাশে। ঝিরি ঝিরি জলে জোৎস্না ভাসে। একটা কালিবাউস গায়ে গতরে এতো বড় হয় ক্যান। এক চিতল তার পেটে কতো ডিম জমায়া রাখে-কোন আশায়। এ-কি তার নিয়তির ফের। জল ভেজা জালেই যদি জীবন বিলাবা তাইলে হে জলের জীব কি তোমার জীবনের মানে। তাও-তো, তাও-তো তুমি একদিন মন খুইলা সাঁতার কাটো। ভুস কইরা মাথা ভাসায়া মাইনষের দুনিয়াডারে দেখো-দেখো হয়তো নীলাকাশে ভাইসা যাওয়া মেঘ। আমার জীবনে ক্যান ভাত ছাড়া কিছু নাই। এই-কি তবে মানুষের জীবন।
মধুর ভাবনার আদিঅন্ত নাই। থাকার প্রয়োজনও নাই। দুনিয়ায় মানুষের শেষ নাই-মানুষের ভাবনারও শেষ নাই- মধুর ঘরেও আজ সন্ধ্যা ঘনালে বাতি জ্বালানোর তেল নাই। আজ সন্ধ্যা হলে একটা হলুদ আলোর প্রহসন তার ঘরে কায়া আর ছায়া নিয়ে কোন কুহক তৈরি করবে না। কনকের টরুই আমের মতো মুখটায় একটা নরুন ঝিকিয়ে উঠবে না চেরাগের আলোয়। কি আশ্চর্য এই ভরা বর্ষার আন্ধারে, তার আর দেখাই হবে না কনকের মুখখানা। আর যার ঘরে তেল নাই তার ঘরে ভাত আছে কি-না এটা যে জানতে চায়, সে মহামুর্খ, সে জানেই না জীবনের কতো চেহারা। হা হা হাসির নীচে কী অসহায় এক মরণসম জীবন। আন্ধার থাইক্যা আসা জীবন আবার আন্ধারেই মিলায়-এই সত্য অসংখ্য মানুষের জন্য চিরকালই সত্য। আইজ যেমন এক আন্ধার ছাড়া আর কিছুই সত্য না মধু-কনকের জীবনে। দিন শেষের জলগোলা বাতাসে শরীর জুড়াইতে চায় না। ওই যে মাইট্যা আলুর তলায় জইম্যা থাকা আন্ধার, শিরিষ তার গা থেকে যে রাত ছড়ায় ক্রমশ, তার সবই-সমস্ত অন্ধকার গিয়ে জমা হবে কনকের ঘরে, কনকের চোখে। ভাবে, উথাল পাথাল জলের কূলে বসে এসবই ভাবে মধু।
রাত তাদের উত্তর-শিয়রী। কারণ ক্ষুধা কাতর রাতে স্বপ্ন আসে কোত্থেকে। আসে না। তা কেবল ঘুম-ই। মৃত্যুঘুমের সাথে তার পার্থক্য কেবল নিঃশ্বাসের যাওয়া আসায়। এই নিঃশ্বাসও আসলে হুতাশন। পরদিন উলনের সূর্য তাদের জন্য আরেকটি নরকবাস। তাই তারা প্রকৃতই উত্তর-শিয়রী হয়ে ঘুমায়। পার্বতী পুত্র গণেশের ওপর পড়েছিল শনির কোপ। ক্ষণেই গণেশ তার মুন্ডু হারায়। পার্বতীর হাহাকারে তখন আকাশ-বাতাস বিলাপ করে। শুনে শনিও কাতর হয়। তার আদেশে এমন লোক খোঁজা হয় যার মাথা উত্তর দিকে শয়ান। রাজ্যজুড়ে কেউ উত্তর দিকে মাথা দিয়ে শোয় না। কেবল একটা হাতি ছাড়া। সেই হাতির মাথাই বসলো গণেশের ঘাড়ে। সেই থেকে তিনি গজানন, সেই থেকে মরা মানুষেরা উত্তর-শিয়রী। আর কনকদের জীবনটাই উত্তর-শিয়রী। কেবল নিষ্প্রাণ বেঁচে থাকাই তাদের জীবন। কেবল হুতাশনের আঁচেই তাদের বয়েস বাড়ে। পরদিনের সূর্যালোকের নিচে মধুর গজানন-কে মনে পড়ে। মনে পড়ে তার নিজের মাথাটার কথা। কার মাথা সে বয়ে চলেছে। তারও-কি একবার মাথা হারিয়ে গিয়েছিলো। তারপর কি কোন এক মরা মানুষেরই মাথা জুড়ে দিয়েছেন শনির শিষ্যরা। এ কি এজন্যেই যে সে পার্বতীর পুত্র নয়। না না, সেও পার্বতীরই পুত্র। তারও ক্ষুধা জাগে। জোৎস্না কাতরতা আছে। সেও লাল জবা জলে ভাসায়। কানকেরও-তো সিঁদুর মাখা কপাল আছে। জলে ভিজানো বাসি ভাতে তাদের দিন গুজরান বলেই কি এই উত্তর-শিয়রী কপাল তাদের নিয়তি। নির্নিমেষ আকাশে কি আছে এর উত্তর।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


