সামনের বিস্তৃত দিগন্তের দিকে তাকিয়ে নিজের অজান্তেই রোমনের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরোয়।আর মাত্র একদিন। আর মাত্র একদিন তাকে থাকতে হবে এই ধুসর গ্রহে। তারপরই বাড়ি ফেরা। সেই পরিচিত নীল গ্রহ, পৃথিবী, সেই খেলার মাঠ আর কোয়ার্টজের জানালা দিয়ে তার জন্য অপেক্ষায় থাকা একটা মুখ লিয়ানা। তার ভালোবাসা। রোমন জানে প্রতিদিন রাতে লিয়ানা আকাশের দিকে তাকিয়ে অনন্ত নক্ষত্রবীথির মাঝে খোঁজার চেষ্টা করে এই ধুসর গ্রহটাকে।রোমনও ঠিক একই কাজ করে। কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই তাকিয়ে থাকে লালচে আকাশের দিকে। ওখানেই কোথাও আছে সৌরজগৎ, তার মাঝে পৃথিবী, আর সেই পৃথিবীতে তার ছোট্ট ঘরে তার অপেক্ষায় তার সঙ্গিনী লিয়ানা।
রোমন একজন মহাকাশ জীব বিজ্ঞানী।মহাবিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে সে ঘুরে বেড়ায় নতুন প্রাণের অস্তিত্বের আশায়। কত রকম প্রাণের সন্ধান সে পেয়েছে এই মহাবিশ্বের নানা প্রান্তে। সেই কাজেই এবারো আসা। প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছিলো এই গ্রহটিতে উন্নত প্রজাতির প্রাণের বিকাশ হয়েছে। তাই তাকে পাঠানো হয়েছিলো সঠিকভাবে গবেষণা করে নিশ্চিত হবার জন্য। কিন্তু গত একমাসেরও বেশী সময় এই ধুসর গ্রহ চষে বেড়িয়ে কেবল মাত্র কিছু সাধারন জীবানু ছাড়া আর কোন রকম প্রাণের অস্তিত্বই সে পায়নি। তাই বলা চলে এই অভিযান প্রায় ব্যার্থ। কিন্ত সে জন্য একটুও কষ্ট হচ্ছে না রোমনের। কারন আর মাত্র এক দিন পরই সে ফিরে যাচ্ছে তার গ্রহে, তার লিয়ানার কাছে।
কিছু রুটিন ওয়ার্ক করে সে তার ছোট্ট টিউব ঘরটিতে ঢুকে যায়। এই ছোট্ট ঘরটা তার কত আপন। পুরো চল্লিশটি দিন সে এখানে ছিলো। এই ঘরটাকে ছেড়ে যেতে তার একটু মায়াই লাগছে। তারপরও সে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়। গত সাতদিন ধরেই সে গুছাচ্ছে। যদিও গুছিয়ে নেবার মতো তেমন কিছু নেই। তারপরও যখনই সে এভাবে জিনিসপত্র গুলো গুছিয়ে নেয়, তখনই তার মনে হয় সে ফিরে যাচ্ছে। বেশ ভালো লাগে তখন তার। প্রতিদিনের মতো আজও সে মাদারশিপটার সাথে যোগাযোগ করে। মাদারশিপটা এই গ্রহটির বাইরে গ্রহটিকে ঘিরে একটি উপবৃত্তাকার পথে ঘুরছে। সেখানে তার সঙ্গী হিসেবে আসা এরিক আছে। সেও এতোদিন থেকে মাদারশিপটাতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে আছে। দু’জনেই অপেক্ষা করছে কবে এই বিরক্তিকর অভিযান শেষ হবে আর তারা আবার পৃথিবীতে ফিরে যাবে। তাই আজও আবার সে এরিকের সাথে যোগাযোগ করে তার কাজের অগ্রগতি জানিয়ে দিলো। আর পরেরদিন গ্রহটি ছাড়ার আগের কাজ গুলো ঠিক করে নিলো।
পরের দিনটা নিঃন্দেহে রোমনের সবচেয়ে আনন্দের দিন। ঘুম থেকে উঠেই সে এই গ্রহ ছাড়া উপলক্ষে নিজেই নিজের উদ্দেশ্যে একটা পার্টি দিয়ে ফেললো।একটি কোমল পানীয়ের বোতল সে রেখে দিয়ে ছিলো এই দিনটির জন্য। টিউব ঘরের প্লেয়াটিতে হালকা সুরে একটা সিম্ফনী ছেড়ে দিয়ে শেষদিনের জন্য জমিয়ে রাখা খাবারটি দিয়ে সে সেই পানীয়টুকু খেয়ে একাই পার্টিটা উদযাপন করে নিলো। তারপর তার অনেক আপন ঘরটি ছেড়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রওনা হলো পাশের খোলা ভূমিতে ল্যান্ড করে রাখা স্কাউটশিপটাতে। চল্লিশদিন আগে এই স্কাউটশিপটাতি করেই সে এসে নেমেছিলো এই গ্রহটিতে। পেছনে ফেলে আসা টিউবঘরটির দিকে তাকিয়ে সে একবার মুচকি হাসলো। এই ঘরটার আর কোন প্রয়োজন হবে না।
স্কাউটশিপে ঢোকার পর প্রথম ধাপ হলো তাকে একবার চেকআপ করা হবে, সে কোন বিপদজনক জীবানু বহন করছে কিনা তা পরীক্ষা করা হবে। একটি ভ্যাকুয়াম চেম্বারে তাকে ঢুকতে হলো। সাথে সাথে মূল কম্পিউটার রনের অতি পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেলো রোমন।
"জীব বিজ্ঞানী রোমন, আই ডি ১১২৫৬৭২৩ডি, আপনাকে স্বাগতম। আপনাকে এখন জীবানুমুক্ত করা হবে। এটি একটি রুটিন চেকআপ। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন"
এটা কেবলই একটা রুটিন চেকআপ।তারপরও ভ্যাকুয়াম ঘরটিতে ঢুকে রোমন অধৈর্য হয়ে গেলো। কখন এই ফালতু চেকআপ শেষ হবে আর সে এই নিঃসঙ্গ ধুসর গ্রহটি ছেড়ে যাবে। অনেক্ষন পার হবার আবার পর মূল কম্পিউটারের কণ্ঠস্বর শোনা গেলো।
‘‘জীব বিজ্ঞানী রোমন, আই ডি ১১২৫৬৭২৩ডি, আপনাকে স্বাগতম। আপনার শরীরে ক্ষতিকর একপ্রকার জীবানুর পাওয়া গিয়েছে। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন যতক্ষন না আপনি পুরোপুরি ভাবে নিরাপদ হচ্ছেন।"
এবার রোমনের মেজাজ খারাপ হয়ে গেলো। এই গ্রহে কি ধরনের জীবানু আছে তা সে ভালোভাবেই জানে। আর সে একজন জীববিজ্ঞানী। তাই এই নির্বোধ কম্পিউটারের উপদেশ শুনে তার মেজাজ খিঁচড়ে গেলো। তারপরও মহাকাশযাত্রার নিয়মগুলোর কথা ভেবে সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো।
অপেক্ষা করতে করতে যখন রোমন প্রায় অধৈর্য হয়ে পরেছে,তখন আবার নির্বোধটার যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেলো
-বিজ্ঞানী রোমন, আই ডি ১১২৫৬৭২৩ডি, অত্যন্ত দুঃখের সাথে যানাচ্ছি, আপনি অত্যন্ত আশংকাজনক ভাবে ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং আমাদের প্রতিরক্ষা ব্যাবস্থা আপনাকে পুরোপুরি ভাইরাস মুক্ত করতে ব্যার্থ হয়েছে। সংক্রমিত ভাইরাসটির গতি প্রকৃতি পুরোপুরি ভাবে আমাদের পরিচিত ভাইরাস থেকে ভিন্ন এবং এটি মানুষের জন্য খুবই বিপদজনক। পৃথিবীতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া পুরো পৃথিবীবাসীর জন্য হুমকি স্বরুপ। তাই অত্যন্ত দুঃখের সাথে যানাচ্ছি, আপনাকে এই গ্রহেই রেখে যাওয়া হচ্ছে।
এবার রোমনের মেজাজ চরমে উঠে গেলো।সে দিকবিদিকি জ্ঞানশূণ্য হয়ে চিৎকার করতে লাগলো,
-পৃথিবীবাসীর মঙ্গল তোকে চিন্তা করতে হবে? আমাকে তুই ভাইরাস সম্পর্কে শেখাচ্ছিস। আমি পৃথিবীর প্রথম শ্রেণীর জীব বিজ্ঞানীদের একজন। আমি জানি এখানে এমন কোন ক্ষতিকর ভাইরাস থাকতে পারে না।
-বিজ্ঞানী রোমন, আই ডি ১১২৫৬৭২৩ডি, আপনি অত্যন্ত অযৌক্তিক কথা বলছেন।আমি কিছুতেই আপনাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যেতে পারি না। যে ভাইরাসকে আমাদের প্রতিরক্ষা সিস্টেম নিরাপদ মনে করে না, সেই ভাইরাস নিয়ে কিছুতেই আপনাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে সম্ভব নয়।
রোমন বুঝে গেলো এর সাথে কথা বলে লাভ নেই। সে শেষ চেষ্টা হিসেবে মাদারশিপের এরিকের সাথে যোগাযোগ করলো।
-এরিক, মূল কম্পিউটারের চকে আপ রিপোর্ট তুমি দেখেছো? এটা কি অন্যায় না, আমাকে এই গ্রহে রেখে যাওয়া?
-আমি অত্যন্ত দুঃখিত রোমন। তুমি ভয়াবহ ভাবে ভাইরাস আক্রান্ত। এটি সম্পূর্ন নতুন রকম ভাইরাস।এর কোন প্রতিকার আমাদের কাছে নেই।এ অবস্থায় তোমাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।আমি চেষ্টা করেছিলাম তোমাকে হিমঘরে ঘুম পারিয়ে কোয়ারেন্টাইন করে নিয়ে যেতে। কিন্তু এই ভাইরাসের প্রকৃতি এমন যে কোয়ারেন্টাইন অবস্থায় ও এর বিস্তার ঘটে। আমি অত্যন্ত দুঃখিত রোমন তোমাকে রেখেই যেতে হচ্ছে।ভালো থেকো।
রোমন আর বলার মতো কোন কথা খুঁজে পায় না। ধীরে ধীরে সে স্কাউটশিপ থেকে বের হয়ে আসে। একগাদা ধুলো উড়িয়ে স্কাউটশিপটা উপরে উঠে যায়। একসময় বিন্দু হয়ে মিলেয়ে যায় লালচে আকাশে। রোমন সেদিকে তাকিয়ে থাকে। একা নিঃসঙ্গ রোমন এই জনমানবহীন ধূ ধূ গ্রহের প্রান্তরে দাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে,হয়তো অসংখ্য নক্ষত্রের মাঝে খুঁজে ফেরে সৌর জগৎ, যেখানে তার গ্রহ পৃথিবী, যেখানে ছোট্ট ঘরে কোয়ার্টজের জানালা দরে অপেক্ষা করছে লিয়ানা।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


