কৈশোর মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ও বিপদজনক সময়। এ সময়ে মানুষ চায় সহানুভূতি, ভালোবাসা এবং পরামর্শ। কিশোর-কিশোরীদের মানসিক বিকাশকে পরিপূর্ণতা দান করতে একদিকে যেমন প্রয়োজন সঠিক দিক নির্দেশনা অন্যদিকে প্রয়োজন সুস্থ বিনোদন ব্যবস্থা। অথচ বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরীরা সঠিক দিক নির্দেশনা পেলেও পায় না সুস্থ ও নির্মল বিনোদের সুযোগ। আমাদের বাবা-দাদাদের বা মা-নানীদের কৈশোর ছিল অনেকটাই মুক্ত বিহঙ্গের মত। তারা যেমন পেয়েছেন গ্রামীণ বিশুদ্ধ বাতাসের স্বাদ, সুব খোলা প্রান্তরে ছুটে বেড়ানোর অবাধ স্বাধীনতা তেমন পেয়েছেন মনের মত হাজারো শিশুতোষ চাঞ্চল্যের সুযোগ। কিন্তু পরিতাপের বিষয় হল ামাদের কিশোরদের সে সুযোগ তো দূরের কথা মন খুলে মনের কথা প্রকাশ কররও কোন সুযোগ নেই। আমাদের কিশোর-কিশোরীদের যে সময়ে ছুটে বেড়ানোর কথা খোলা প্রান্তরে, ঘ্রাণ নেওয়ার কথা সবুজ ঘাসের, খেলাধুলা করার কথা খোলামেলা জায়গায় হইহই করে সে সময়ে তারা অন্ধ গলির অন্ধ চিপায় স্যারের বাসায় পড়তে যায়। আনন্দহীন দীর্ঘ সময়ের স্কুল শেষে খাওয়ার সময়ও হয় না তাদের, গাড়ি অথবা রিকশায় চড়ে খেতে খেতে কোচিং অথবা স্যার-ম্যাডামদের বাসায় ছুটতে হয় তাদের। স্যারের বাসায় দশজনের বসার ঘরে পঁচিশ জন বসে গায়ে গায়ে লেগে। এরপর শিক্ষক নাটকীয় স্টাইলে বক্তৃতা দেয়া শুরু করেন যে বক্তৃতা তিনি সকাল থেকে রাত পর্যন্ত বছরের পর বছর দিয়ে যাচ্ছেন। ঋতুভেদে তার বক্তৃতার হয় না কোন পরিবর্তন, দুঃখ-কষ্টে তার গলা কেঁপে ওঠে না, শুধুমাত্র মাপা হাসিতে অভিনয় করে যান শিক্ষক। "স্যার জোস পড়ান। তাই স্যারের কাছে যাই"- এমন বক্তব্য দেয় শিক্ষার্থীরা। হয়তো স্যার বিষয়জ্ঞান ভালোমত গলধঃগরন করাতে অত্যন্তপটু কিন্তু সেখানে শিক্ষার মূল্য কতটুকু থাকে তা সন্দেহের ভেতরেই থেকে যায়। স্যারের তো স্কুলে বা কলেজে জোস পড়ানোর কথা যাতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়া অর্থহীন মনে হয় কিন্তু বাস্তবে সে আশা দুরাশাই থেকে যায়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণেরও দোষ আছে। ছেলের বন্ধুরা স্যারের বাসায় যায় তাই ছেলেকেও ওখানে পাঠাতে হবে নইলে ছেলে পিছিয়ে পড়বে। "তুমি কেন স্যারের বাসায় পড়তে যাও?" এ প্রশ্নের উত্তর হল, " অন্যরা যায় তাই আমিও যাই।" অনেক শিক্ষক ক্লাসে যথেষ্ট ভাল পড়ানো সত্ত্বেও শিক্ষার্থীরা তার বাসায় যায় ঐতিহ্য ধরে রাখতে। এজন্য আমাদের নীতি নির্ধারকরাই দায়ী। গণিত অথবা ইংরেজি বিষয়ে আমাদের শিক্ষার্থীরা সাধারণত দুর্বল হয়। সেই ক্ষেত্রে যারা দুর্বল তারা স্যারের কাছে প্রাইভেট পড়তে পারে। কিন্তু ফার্স্ট থেকে লাস্ট সবাই স্যারের বাসায় যায় কেন? স্কুল কর্তৃপক্ষেরও তো বিষয়টি নজরে আনা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রাইভেট পড়ায় অনাগ্রহ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষক শ্রেণীতে যা পড়ান তা বাসায় গিয়ে নিজে নিজে বুঝতে চেষ্টা করার অভ্যাস আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে নষ্ট করে দেয়া হচ্ছে। কোচিং বা স্যারের বাসা থেকে নোট দেয়াটাও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সৃজনশীল প্রশ্ন কাঠামো আসার পরও "স্যাররের বাসা বা কোচিংয়ে গেলে সৃজন প্রশ্নেরও নোট দেয়া হয়", তাহলে আর সৃজনশীল হয়ে লাভ হল কী? শিক্ষকের সৃজনশীলতা আমরা শ্রেণীকক্ষে দেখতে চাই, তার শিক্ষণ পদ্ধতিতে দেখতে চাই, কোনক্রমেই পরীক্ষার খাতায় দেখতে চাই না। ষ্যারের নোট স্বাভাবিকভাবেই ছাত্রদের চেয়ে ভালো হবে। আর যে স্যারের বাসায় পড়ে নোট নেবে তার উত্তরপত্রের মানও ভালো হবে স্যারের বদৌলতে। আর যে স্যারের কাছে পড়বে না অর্থাৎ নোট পাবে না সে খাতাট নম্বর কম পাবে। ফলে বাধ্য হয়েই সবাই স্যারের বাসায় যায় মহামূল্যবান সেই নোট যোগাড় করতে।
ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটকে সব সময়ই সরকারকে ভ্যাট, ব্যবসার উপার্জনের অর্থের উপর কর প্রদান করতে হয়। সেই ধারাবাহিকতায় চিকিৎসক ও উকিলের চেম্বার এবং কোচিং সেন্টারকেও সরকারের করদাতার আওতায় আনা হয়েছে। কিন্তু শিক্ষকদের বাসা বা রুম ভাড়া নিয়ে প্রাইভেট পড়ানোর ওপর ভ্যাট তো দূরের কথা কোন ইনকাম ট্যাক্সও দিতে হয় না। প্রয়োজন হয় না কোন ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশনেরও। মাঝখান থেকে শিক্ষকগণ আবার প্রথম মাসে রেজিস্ট্রেশন ফি নেন, তাদের খাতায় নাম ওঠাতেও টাকা লাগে! কাহিনী এখানেই শেষ নয়। স্যার-ম্যাডামরা আজকাল মাসের বেতন অগ্রিম নেন এবং মাস শেষে বিনামূল্যে খাম ধরিয়ে দেন। এতে করে যেমন রিমান্ডারও দেয়া হয় তেমনি অর্থের লেনদেনটাও সুচারুরূপে সম্পন্ন হয়।
আমাদের তো পাপ হচ্ছে যে আমরা আমাদের শিশু-কিশোরদের রঙিন দিনগুলোকে কেড়ে নিচ্ছি। তাদের মনের ওপর চাপ সৃষ্টি করে শিক্ষা এমন শিক্ষাব্যবস্থা তৈরি করি যাতে করে শিক্ষকদের উপর শিক্ষার্থীদের নির্ভরশীলতা আরও বৃদ্ধি পায়। আর হ্যাঁ এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে জাতীয় অধ্যাপক, আমলা, অর্থনীতিবিদ ও শিক্ষক নেতাদের দিয়ে শিক্ষা কমিশন তৈরি করালে সুফল পাবার আশা প্রায় নেই বললেই চলে। এ কথা সবসময়ই মনে রাখা প্রয়োজন যে শিক্ষা সচেতন ব্যক্তি বা শিক্ষা নিয়ে আন্দোলনকারী ব্যক্তি এবং শিক্ষাবিদ বা শিক্ষা গবেষক কখনই এক নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


