নীড় হারা চাঁদ
আলোর আশ্রয়ে আহ্লাদী হয়ে ওঠে আরো;
লাজুক পাখির মতো, প্রতিটি আঁধারের অবয়ব ছুঁয়ে,
মাটির গহীনে মিঠে মন চেখে যায়।
দিশেহারা পথিক, ক্ষুধার্ত কবি,
বিষে ভরা বেদনার প্রেমিক, দেয়ালের ভেতরে ডুবন্ত বেরসিক;
সকলের মানসিক নির্যাস নিয়ে
আহ্লাদী চাঁদ
হয়ে ওঠে অহংকারী আরো ,
মেঘের পর্দায় ঢেকে নিভিয়ে দেয় যখনি জোছনার বাতি।
পথিক খুঁজে নেয় অন্ধকার দিশা
ক্ষুধার্ত কবি তৃষ্ণায় কাতর, বেরসিক তোলে অথৈ দেয়াল
প্রেমিকের জোটে সায়ানাইড।
আর আমি !
আমি এদের মধ্যে কেউ নই
আমার রয়েছে প্রতিষেধক অভিমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



