
পুরুষ যাবে কোথায়?
-এস এম আজাদ রহমান
শাসন করলে অত্যাচারী, বলবে সবাই ডেকে,
না করলে কাপুরুষ বলে, দেবে নামটা হেঁকে।
ঘরে থাকলে অকর্মা, আর ঘাড়ে চাপে দোষ,
বাইরে গেলে আড্ডাবাজ, জুটবে সবার রোষ।
বৌকে যদি চাকরি দিই, সকাল বেলায় ছাড়ি,
বলবে, "বৌয়ের কামাই খায়!" হাসবে পাড়ার নারী।
চাকরি যদি নাই বা দিই, রাখি ঘরের কোণে,
সন্দেহবাতিক ডাকবে তখন, পাড়ার জনে জনে।
এদিকে কুয়ো, ওদিকে খাদ, মধ্যিখানে আমি,
পুরুষ মানেই দোষের ভাগী, সবার কাছে আসামি।
সবার কথা শুনতে শুনতে কান হল ঝালাপালা,
তবু সংসার টানছে সে-ই, নেই যে তার ছুটির পালা।
ভালো বললে দোষ ধরে সব, মন্দ বললে তেড়ে,
চুপ করে রই, তাও শুনি, "বোবা নাকি, ওরে!"
হায় রে কপাল! পুরুষ জাতির এমন দশা কেন?
এই অবলার কথা ভাববে, কেউ আছে কি হেন?
কাঁদতে গেলে বলবে, "ছিঃ, পুরুষ কাঁদে নাকি?"
হাসতে গেলে বলবে, "দেখো, কেমন ঢঙের পাখি!"
সব দিকেতেই ফাঁদ পাতা, পালানো যে দায়,
পুরুষ মানুষ অবলা গো, যাবে কোথায়?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


