মেসেজটা পেয়ে বড় একটা ধাক্কা খেয়ে যায় সুদীপা। কিন্তু সুদীপা ঠিকই বুঝতে পারে যে এটা কার কাজ! তবু বুঝতে দিতে চায় না আবিদকে, বুঝলে হয়ত আবিদ ভেবে বসবে মেয়েটাও ওকে নিয়ে ভাবে। আর নাহলে একটা মেসেজ পেয়ে কিভাবে বুঝল? মেয়েদের মন বড় রহস্যময়ী, পাল্টা মেসেজ দেয় সুদীপা, “কে আপনি? আমি আপনাকে চিনি না আর অপরিচিত কারো কথা আমি শুনি না।” আবিদ ইচ্ছে করেই আর প্রতিউত্তর দেয় না। ভেবেছিল তাতে মেয়েটি যদি একটু ভাব ক্মিয়ে নিজেই মেসেজ দেয়! সুদীপা অবাক হয়েছিল আবিদের আর কোন মেসেজ/কল না দেখে কারণ ও তো জানে এটা আবিদের কাজ। তবু নিজে কোন মেসেজ দেয় নি। প্রায় ১৫/২০ দিন কেটে গেল, কেউ কাউকে কল/মেসেজ দিল না।
হঠাৎ এক রাতে প্রায় ১১টা বাজে, আবিদ কল দিল সুদীপাকে। সুদীপা তখন গান শুনছিল, তখনি আবিদের কলটা দেখতে পায়। প্রথমবার ভাব নিয়ে রিসিভ করল না। দ্বিতীয়বার রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। তৃতীয়বারে রিসিভ করেই ফেলল।
সুদীপাঃ হ্যালো, কে বলছেন?
আবিদঃ হ্যালো, প্রথমেই কি এটা বলা জরুরি আমি কে? (কিছুটা থতমত খাওয়া গলায়)
সুদীপাঃ আপনি কে এটা না জেনে আমি কথা বলব কেন?
আবিদঃ কিন্তু আমি তো জানি তুমি কে, কোথায় থাকো, কোন কলেজে পড়। এটা কি যথেষ্ট না?
সুদীপাঃ (রাগত কণ্ঠে) আপনি জানেন তাতে আমার কি? আমি তো আর জানি না।
আবিদঃ (হাসি দিয়ে) তুমি হাসলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। প্রতিদিন যখন কলেজ থেকে হাসিমুখে বের হও তখন দেখতে বেশ লাগে। রাগলেও অবশ্য কিউট লাগে তোমাকে। সেটাও দেখে ফেলেছি আমি। হাহাহাহা।
এবার প্রচন্ড রকম হতভম্ব হয়ে কথা বলাও বন্ধ হয়ে যায় সুদীপার। ও ভাবতেও পারেনি আবিদের মত নীরস ছেলেটা এই কথা বলছে! ওর কলেজের আশেপাশেও তাহলে থাকে এই শান্ত বাঁদরটা!!
প্রচন্ড অবাক গলায় সুদীপা বলে ওঠেঃ আপনি আমার কলেজের আশেপাশে কি করেন? বখাটে ছেলে! বলেই ঠাস করেই কলটা কেটে দেয় সুদীপা। কলটা রেখে অবশ্য খুব অবাক হয়ে ভাবতে থাকে আবিদ ওর কলেজ পর্যন্ত চলে গেছে তাহলে! এত্ত নীরস আর রোবটিক ছেলেটা কবে থেকে এমন নরম মনের হল??!! সুদীপা এভাবে কলটা কেটে দেয়ায় আবিদ ভীষণ কষ্ট পায় কিন্তু বুঝতে পারে মেয়েটা অনেক অবাক হয়েছে। তাতে ওর বেশ ভালোই লাগে। সুদীপাও ভালোলাগায় ভাসতে থাকে, আর ভাবে যেই ছেলেটা পড়ালেখা ছাড়া আর কিচ্ছু জানে না সেই ছেলেটা কিনা ওর জন্য মেয়েদের কলেজ পর্যন্ত চলে যায়!!
এরপর থেকে প্রতিরাতে ১১টার দিকেই কল দিত আবিদ। দুজনের অনেক কথাই হত। কত কিছু নিয়ে যে কথা বলত ওরা! আসলে উদ্দেশ্য ছিল কথা বলা তাই ছোটখাট কোন ব্যাপার নিয়েও বড় আলোচনা করত। এখন সেসব ভাবলে খুব মজা পায় আবিদ। কিন্তু আবিদ কখনো নিজের পরিচয় দেয় নি বা ভালোবাসা সংক্রান্ত কিছুই বলত না। সুদীপাও কম যায় না, ইচ্ছে করেই নিজেও কখনো আবিদের কাছে পরিচয় জানতে চায় নি। প্রায় ৩/৪ মাস পর হঠাৎ ই একদিন কি মনে করে আবিদ নিজের পরিচয় দিয়ে ফেলে আর ওর পরিচয় দেয়ার পর সুদীপা খালি হাসতেই থাকে। সুদীপার সেই টানা হাসি আর শেষ হয় না। আবিদ অবাক হয়ে যায়, আর সুদীপা বলতে থাকে, “তুমি যেদিন প্রথম মেসেজ দিয়েছিলে আমি সেদিন ই জানতাম তুমি কে, আর নাহলে আমি কোন অপরিচিত মানুষের সাথে কথা ই বলি না।” আবিদ শুনে বিস্ময়ে হাঁ করে থাকে।
চলবে.....
স্বপ্নালু জীবন-১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



