কক্সবাজারে গণধর্ষণের পর এক কিশোরীকে নির্মমভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়ে লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে সদর উপজেলার পিএমখালী মোহছনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড়ভাই কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, গত এক বছর আগে থেকে আমার বোনকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছিল এলাকার কিছু চিহ্নিত বখাটে। তখন সে স্থানীয় পাতেলী আবু বক্কর সিদ্দিক দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। ওই সময় ১৬ বছর বয়সী অসহায় এই মাদ্রাসা ছাত্রীর ওপর বখাটেদের উৎপাতে পড়াশোনা বন্ধ করে দেন তার ভাই।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ৪-৫ জনের একটি দল কিশোরীকে ঘরের বাহিরে ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণপূর্বক তাকে হত্যা করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে দুর্বৃত্তরা নিহতের বাড়ির পাশের একটি ছোট্ট গাছে লাশটি ঝুলিয়ে রাখে। পরিবারের পক্ষ থেকে খোজাখুঁজির অনেক্ষণ পরে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার করে।
নিহত কিশোরীর দিনমজুর পিতা আবদুস শুক্কুর অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মোবারক, জিকু, সিরাজ ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাতে আমার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বাহিরে নিয়ে যায়। তারপর সকালে গাছে ঝুলন্ত অবস্থায় আমার মেয়ের নিথর দেহটি খুঁজে পায়। এমনটি বলতে বলতে দু'চোখের জল আর ধরে রাখতে পারেননি শোকে কাতর এই বাবা। যদিও অভিযুক্ত কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় সাবেক মেম্বার মৌলভী মনজুর জানিয়েছেন, অভিযুক্তরা নিহতের প্রতিবেশী। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। যার ধারাবাহিকতায় এ ঘটনা হতে পারে বলে তিনি শুনেছেন। তার মতে- ঘটনা যাই হোক এটি ন্যক্কারজনক। জড়িতদের কঠিন শাস্তি দেয়া হোক।
পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বলেন, কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণপূর্বক খুন করার ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে কক্সবাজার সদর থানা পুলিশ গতকাল সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এলাকাবাসী বলছে, এ ঘটনাটি পূর্বশত্রুতার জের হিসেবে কিশোরী বলি হয়েছে। তারা ধর্ষণের পর কিশোরী হত্যার বিষয়টি উড়িয়ে দিতে নারাজ। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানিয়েছেন, এখন তেমন কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের পর জানা যাবে এ ঘটনার রহস্য কি।
আরও তাজা তাজা খবর পড়তে ক্লিক করুন এখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




