
আমার কল্পনায় আজো তোমার বসবাস,
কালোরাঙা শাড়ি
তাতে নীলের ছোপ কাটা বাহারি ফুলের বাস;
তোমার দুধে আলতায় রাঙানো শরীরে বেশ মানিয়ে যাবে।
আমার নিউরনের প্রতিটি অনুরণনে তুমি আজও অনুরণিত
তোমার লাজুক হাসি
এখনো আমার চোখে সুখের প্রতিমা হয়ে ভাসে;
যেন আমি কোন স্বপ্নঘোরে আবিষ্ট ঘুমন্ত এক শিশু।
তুমি আজ কতদূর আমার জানা নেই,
হয়তো কদম দুয়েক হাটলেই তোমায় ছুঁয়ে যাব
হয়তোবা, হাজার পথ পাড়ি দিয়েও নাগাল পাবনা আমি;
অথবা আমার সাথে তোমার দীর্ঘ আড়ি,
তবুও আমি পথ চলি;
তোমার চোখে চোখ রাখবো বলে,
তবুও ভাবতে ভালবাসি
আর একবার তোমায় ছুঁয়ে ছুটে যাব
নীল জলরাশির ফেনায় পা ভেজাতে।
আমি জানি আমার সাথে আর তুমি
আকাশের তাঁরার কাটাকাটি খেলবেনা,
তবু কথা বলি সইগো তোমার সনে
নির্জনে
রাত-ভোর
আমার গহীনে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




