
যমুনা নদীর ওপর আরও একটি রেল সেতু হচ্ছে। এর দৈর্ঘ্য হবে ৪ দশমিক ৮ কিলোমিটার- যা হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। এর ফলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আর এই রেল সেতু নির্মাণে ৭ হাজার ৭২৪ কোটি ৩২ লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। যদিও পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা। বাকি ২ হাজার ৯ কোটি ৭৫ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। চলতি বছর উদ্বোধনের পর ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সেতু নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুতে সীমিত এক্সেল লোড ও গতির সীমাবদ্ধতার কারণে এ রেল সেতুর পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ফ্রেইট ট্রান্সপোর্টের সম্ভাবনা থাকার পরও সুযোগটাকে পুরোপুরি কাছে লাগানো যাচ্ছে না। বর্তমানে ২৮টি ট্রেন বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে চলাচল করে। বাংলাদেশে ২ হাজার ৮৭৭ দশমিক ১০ কিলোমিটার রেললাইন রয়েছে। আগামী ১০ বছরের মধ্যে তা ৪ হাজার ৭৩০ কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ফলে ভবিষ্যতে ট্রেন চলাচল সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ২০১৮ সালের মধ্যে মংলা পোর্ট রেললাইন নির্মাণ কাজ সমাপ্ত হলে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। এতে রেল চলাচলের পরিমাণ ২০২৩ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৩৩ সালের মধ্যে তা দ্বিগুণ বাড়বে। জাতীয় ও উপাঞ্চলিক রেল চলাচলের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডেডিকেটেড রেল সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যমুনায় প্রস্তাবিত রেল সেতু অভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক কনটেইনার পরিচালনার জন্য ব্রডগেজ কনটেইনার ট্রেইন সার্ভিস চালু করা সম্ভব হবে। সেই সঙ্গে লোড ও স্পিড প্রতিবন্ধকতা দূর করে অধিক উৎপাদনশীলতা ও সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের পরিচালনা দক্ষতা বৃদ্ধি এবং গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করা সম্ভব হবে। চলতি বছর থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের জন্য কাজ করবে বাংলাদেশ রেলওয়ে। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ৩০০ মিটার উজানে প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার ডেডিকেটেড ডুয়েলগেজ স্টিল রেল সেতুটি নির্মাণ করা হবে। যমুনা নদীর ওপর ডেডিকেটেড রেল সেতুটি নির্মিত হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ যাত্রী সেবা ও পণ্য পরিবহন বৃদ্ধির ফলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




