বাংলাদেশ ক্রিকেট দল চলতি বছর ভারতে পূর্ণাঙ্গ সফরে যেতে পারে-এমন আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি'র সভাপতি মোস্তফা কামাল। তিনি ভারতের লখনৌতে বলেছেন, বাংলাদেশ দল আজ পর্যন্ত ভারতে কোন পূর্ণাঙ্গ সফর করেনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই'র সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে আলোচনার পর মোস্তফা কামাল এ কথা বললেন। তিনি জানান, "ভারতীয় বোর্ড সভাপতি আমাকে আশ্বস্ত করে বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ হয়তো একটা সফরের আয়োজন করা সম্ভব হবে।" বিসিবি'র নতুন স্পন্সর সাহারার আমন্ত্রণে মোস্তফা কামাল লখনৌ সফর করছেন এবং সেখানে একটি অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন।
ক্রিকইনফোকে কামাল জানান, "আমরা ভারতের ভবিষ্যত সফরসূচি সম্পর্কে কিছুই জানি না। তবে, এটা ঠিক যে, বাংলাদেশ দল কখনো ভারতে পূর্ণাঙ্গ সফরে আসেনি। সে কারণে আমরা এ ধরনের একটি সফরের আয়াজনের জন্য কাজ করছি।" তিনি আরো বলেন, "বিষয়টি আমরা ভারতের ওপর ছেড়ে দিতে চাই, আমরা এ নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারি না।"
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ পর্যন্ত শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতেই সফরে যাওয়ার আমন্ত্রণ পায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




