স্মৃতি চারণ
শ্রাবণ আহমেদ
.
এই, মেঠো পথটির সাথে ছিল নিত্য আলাপন।
রোজ, নিয়ম করে পথের ধুলো মাখতো মোর চরণ।
পথের ধারের বড়ই গাছে
এখনো গাঙ শালিক নাচে
হলো, অবহেলায় অনাদরে অভ্যাসের মরণ।
মাঠের মাঝে এখনো যে আছে সেই তাল গাছ।
বিলের জলে ফুর্তি করে নব্য রঙিন মাছ।
ঢাউস ঘুড়ি দূর আকাশে
আগের মতোই উড়ছে গো সে
ছোট্টবেলা মধুর ছিল স্বচ্ছ যেমন কাঁচ।
প্রতি প্রাতে মা জননীর মিষ্টি মধুর ডাক।
বাবা বলতেন, ডাকো কেন থাক না ঘুমে থাক।
আর পাবো কি ফিরে আমি
অতীত সেদিন বড্ড দামি
দাদী বলতেন, মুরগী নিলো ঐ হারামী কাঁক।
ওরে, আর পাবো কি ফিরে সেদিন শুনবো মায়ের ডাক?
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



