
বিজয় বলেছে আজ স্বাধীন একটি মন
বিজয় বলেছে আজ মুক্ত একটি দেহ ;
এই মন আমার, এই মন তোমার
এই দেহ আমার, এই দেহ তোমার ;
যে মনের বাঁধনহারা উড়াউড়ি
যে দেহের দিগ্বিদিক ছোটাছুটি ।
অযত্নে ফেলে আসা নয় মাস,
এ তো নয় শুধু কিশোরের হেঁয়ালি রাতদিন
নয়তো গৃহিণীর বয়ে চলা রান্না রান্না সকাল সন্ধ্যা
নয়তো সংসারী যুবকের ঘুরতে থাকা নিশ্চুপ ঘড়ির কাঁটা ।
এ সময়ে জন্ম নেয় পৃথিবীতে একটি নিষ্পাপ শিশু-
ত্যাগী মায়ের দীর্ঘ যত্নের বেদনাময় দেহ মাড়িয়ে ;
তেমনি সেদিনগুলোর শেষে একটি দেশ জন্ম নিয়েছিল-
সবুজ শ্যামল মাতৃকার রক্তাক্ত জমিন কাঁদিয়ে, বাংলাদেশ ।
সেদিন হেসেছিলো হাজারো হৃদয় যন্ত্রণার বুকে পাথর বেঁধে ।
কেন জানো ? কারণ সেই রক্ত পেয়েছে অমরের সার্থকতা-
পরাগ-রেণুর নিকষিত বাঁধনহারা স্বাধীন ঘ্রাণের উল্লাসে ।
সেই বুকেও ছিল একটি হৃদপিণ্ড
ঠিক যেমনটি থাকে- রক্তে মাংসে গড়া ।
কিন্তু সেখানে ছিল মহিমান্বিত ত্যাগ
যা হয় নি ভয়ঙ্কর মৃত্যুর আহ্বানেও গ্রাস
বরং তাকে জড়িয়ে নিয়েছে অমরত্বের স্বাদ ।
এমনি করে ঝরে পড়া লালের প্রতিটি ফোঁটায় ফোঁটায়
বিজয়ের মধুর ঘ্রাণ মিশিয়ে দিয়েছে সকল ফুলের তরে
অবশেষে সকল রক্ত বিলিয়ে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সে সকল দেহ....
পরাগ-রেণু পেল এক স্বাধীন ঘ্রাণ-
ছড়িয়ে দিতে পারে যেথায় ইচ্ছে সেথায়- যা চলছে আজ অবধি ।
শুধু জেনে রাখো তোমাদের রক্তে এ বিজয় তাঁদের দেয়া
এই রক্তে অবলীলায় বয়ে চলা ধোঁয়া তাঁদেরই অমর স্বাধীনতা
আগলে রেখো স্বযত্নে বিশুদ্ধতায়, দেশাত্ববোধের সৌন্দর্য চর্চায় ।
বিজয়, শুভেচ্ছা তোমায় ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




