
রাজনীতি একটি আকাশের নাম ।
যেখানে সাদা কালো মেঘেরা ইচ্ছেমতোন উড়বে,
পাখিরা গান গাইবে বিস্তর পাখা মেলে,
বৃষ্টিরা নাচবে ঝরঝরে- সাগর নদী আবেগে ।
রাজনীতি একটি সুবিশাল দালান ।
যেখানে সকলের হয় ঐক্যে বসবাস,
যেখানে মেলে সমমানে সুখের নিঃশ্বাস,
যেখানে জন্ম হয় কাঁধে-কাঁধ মিলে বিশ্বাস,
দেশমাতৃকার তরে প্রাণ দেওয়ার দৃঢ় আশ্বাস ।
রাজনীতি একটি অদৃশ্য দেশরূপ ।
যার আছে সুবিশাল মনোরম ভূখণ্ড,
যেখানে বুক জুড়ে চাষ হয় সাহসী অঙ্গী্কার,
চোখ জুড়ে মনোহারী স্বপ্নের সাজানো বাহার,
যেখানে বাস করে সরল হৃদয়ের সাহসী নেতা
যার নেতৃত্বে দেশাত্মবোধ সাজে নানান রূপ-রঙে
যেখানে সকল ভেদাভেদ ব্যতিরেকে প্রকাশ পায়-
পূর্ণতায় হৃদয়ের সরল রূপ চঞ্চল সুপ্রসন্নতা ।
রাজনীতি একটি মহান হৃদয়ের নাম ।
সকলের তরে যার নিয়মিত নিষ্পাপ উৎসর্গ,
যার সান্নিধ্যে পায় না কেহ নিরাশার ঊষর,
যে হৃদয় চায় না কারো দুঃখ-গ্লানির অধর,
সে হতে চায় না কারো চাহনির অবিশ্বাস,
তাই সে আগলে রাখে সকলের নির্মল বসবাস ।
রাজনীতি একটি শুদ্ধ তলোয়ারের নাম ।
যার করতলে পাপ হয় নিকৃষ্টে কুপোকাত,
নিষ্পাপের হয় নিরাপদে মুক্ত বসবাস,
সকলের উপভোগে সমান থাকে উন্মুক্ত আকাশ ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
এই সকল সদ্যোজাত শিশুর ঘুমচোখে দেখা হেঁয়ালি স্বপ্ন,
কিংবা রাতের আসরে দাদীর মুখে শোনা কোন সাহসী রূপকথা ।
এখানে স্বাধীনতাচ্ছলে বলা 'সকলের তরে সকলে আমরা'
হয়েছে আজ 'সকলে দ্রোহে সকলে আমরা' ।
আজ পূর্ণ চাঁদেও জ্যোৎস্না ধরা দেয় না,
সূর্য উদয় হয় বিরস নয়ন নিয়ে শুধু আলো দিতে,
কিন্তু সে আলো ছোঁয়ে দেয় না কোন হৃদয়,
তাই কেউ গর্জে উঠে না নষ্ট আঁধার ভেঙ্গে দিতে ।
আজ মায়েরা পালিত হয় নিঃশব্দে ঘরের কোণে,
আপন বক্ষের ধন করেছে আঁচলের অবমাননা,
সেখানে বক্ষের ধনের সাহস ঢের ।
এখানে বাস করে না কোন ভাই,
তাই বোনেরা নীরবে কাঁদে নির্লজ্জ লাঞ্ছনায় ।
এখানে বাস করে না কোন বোন,
যার কোমল মায়ায় ভাই নিষ্পাপে গড়বে নিজেকে ।
এখানে নেই কোন প্রেমিক-প্রেমিকা,
যা সব স্বার্থান্বেষী ছুটে চলা ।
প্রকৃতি অবলীলায় কাটাচ্ছে দিবারাত্রি, তার কি আসে যায় ?
তবে তারও একটু দুঃখ আছে- ঘুণে ধরা সমাজের নিত্য লীলাখেলায়,
নৃত্য করে জন্তু-জানোয়ার এই ভেবে- মানব আমাদের ছাড়িয়ে,
বিলুপ্ত হয়েছে জ্যোৎস্না রাতের টিপটিপ জোনাকদল,
মৌমাছিরা ঘুমিয়ে গেছে বৃক্ষ ডালের কর্কশ ত্বকে,
কারণ এখন ফুলেরা আর মধু প্রসব করে না,
তাদের নাকি ঘ্রাণ কেড়ে নিয়েছে বিষাক্ত ছায়া ।
এখানে লেখক বুক ফাটায় সাদা কাগুজে পৃষ্ঠায়,
কবি কেঁদে চলে তার নিঃস্ব কবিতার চরণ চেষ্টায় ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই ।
প্রজাতন্ত্রের আদলে কেউ দেখেনি কোন গণতন্ত্র,
এ ধোঁকা- এখানে আছে শুধু প্রজাতন্ত্রবেশী রাজতন্ত্র,
বহু আগে সিঁদ কেটে অধিকার চুরি হয়ে গেছে ।
সে থেকে চলছে অব্ধি গুটিকয়েক হায়েনাদের সম্পর্কতন্ত্র,
যেখানে কিছু ঝুলন্ত মাকড়সার জালে ঝুলে আছে মানবতন্ত্র ।
নাহ, এখানে কোন রাজনীতি নেই, এখানে কোন রাজনীতি নেই ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




