
রঙ রঙ রঙ ! হৃদপিণ্ড অবধি নিঃসৃত সলীল...ভস্ম অজস্র ক্ষুধায়। কব্জিতে ঝুলে থাকা সময়, কাঁটা ঘোরে, সাদা লাল কালো রঙ রঙ রঙ ! অসহায়- অদৃষ্ট, বলিষ্ঠ- রঙ্গ।..... খুন রঙ কলঙ্ক রঙ মিথ্যা রঙ ছলনা রঙ বেঈমান রঙ দুঃখ রঙ কান্না রঙ নিঃস্ব রঙ বিষণ্ণ রঙ স্মৃতি রঙ পরিণতি রঙ হারিয়ে ফেলা রঙ দীর্ঘশ্বাস রঙ স্বার্থ রঙ.... বিপরীতে আছে শুধু একটি রঙ- আলো। এসো, দেখে যাও রঙ, ভীড়ে অদৃশ্য অজস্র রঙ । সেখানে আছে ভ্রম- যা লাল তা নীল, যা নীল তা কালো, যা কালো তা সবুজ ! শুধু চোখের অন্তরালে অকৃত্রিম- নেই কোন ভ্রম। একাকী আয়নায় বাস করে এক অদ্ভুত রঙ , তা সত্য, অদৃশ্য নয় । এই আয়নার থাকতে নেই লজ্জা , উদ্ভাসিত আলোয় রঙগুলোকে যত্নে তুলিতে তুলে আঁকা যায় একটি যথার্থ জীবন অথবা...
এরপর,
এসে যায় অকস্মাৎ কিছু রঙ আপনাতে; রাঙ্গাতে অথবা জানিয়ে দিতে- অহংকার তোমার নয়, হবে না কখনো তোমার । হয়েছে সব নিরুত্তর !
এবং.....একটি বিহঙ্গ উড়ে যায়, সে চেয়ে দেখে- অজস্র ডানাহীন বিহঙ্গ উড়ার অপেক্ষায়....
ছবি কৃতজ্ঞতা- নেট ।
***[মানুষের জীবনে দৈহিক এবং মানসিক ক্ষুধার শেষ নেই । এসব ক্ষুধার জ্বালা মেটাতে মানুষ সময়ে সময়ে বিভিন্ন আঙ্গিকে এবং চরিত্রে আভির্ভূত করে নিজেকে । সমাজের যারা দূর্বল তারা নিজের নিয়তিকে দোষারোপ করেই ক্ষান্ত দেয় আর যারা সবল তারা নানাবিধ রঙ্গ নিয়ে ব্যস্ত থাকে হোক সেটা ভালো কিংবা খারাপ । মানুষ খারাপ দিকগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করতে অভ্যস্ত তাই অনেক সময় নিজেও ভুলে যায় যে সে খারাপ কিছু করছে । এজন্য সে নিজেকে নানানভাবে নানানরঙে বদলায় । কিন্তু এসকল খারাপ রঙগুলোর বিপরীত দিকে শুধু এইটিই রঙ তা হলো 'আলো'র রঙ । মানুষ এই রঙে অভ্যস্ত হলে তাকে আর নতুন রঙে বদলাতে হয় না । বাস্তব জীবনে ছুটে চলা জীবনগুলোর দিকে তাকালে অজস্র রঙের মানুষ দৃশ্যমান হবে কিন্তু তাদের রঙগুলো ভাল মনে হলেও হয়তো তারা ভালো নয় কিংবা খারাপ মনে হলেও ওরা খারাপ নয়। দৃশ্যমান এই রঙ ভ্রমের রঙ। একজন মানুষের চোখের অন্তরালের চরিত্রটার রঙই সত্য যা সে দেখতে পায় একাকী আয়নায় তাকালে । সে যখন তার রঙকে অনুভব করতে চায় তখনই তার সত্যিকার রঙগুলো বেরিয়ে আসে । মানুষ ভালো মন্দের সংমিশ্রণ। তাই আয়নায় দেখা রঙগুলোকে একটু পলিশ করা উচিত নিজেকে আলোয় রাখার জন্য।
এরপর,
কিছু ঘটনা ঘটে যা মানুষ নিজ থেকে পূর্বে কখনো অনুমান করতে পারে না । এই ঘটনাগুলো কিছু মানুষের জীবনে সমৃদ্ধি বয়ে আনে আর কিছু মানুষের জীবনে দূর্ঘটনা মাত্র হয়তো এতে মৃত্যুও অবধারিত । এর মাধ্যমে বোঝায়, মানুষকে অহংকারে মানায় না, অহংকার মানুষের জন্য নয় । সবাই হয় নিরুত্তর, মৃত্যু কোলে এসে পড়েছে, আত্মানামক বিহঙ্গটি বেরিয়ে আকাশে উড়াল দেয়। আর সেই বিহঙ্গটি উড়তে উড়তে দেখে জীবন্ত মানুষগুলো পৃথিবীর জমিনে হাঁটছে তাই দেখছে- ডানাহীন বিহঙ্গগুলো উড়ার অপেক্ষায়... ]***
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



