যা দিনকাল পড়েছে, যে আজকাল "জলের বোতল" বললেও লোকে ওই "বোতল"টাই শোনে আর আমি তল না খুঁজে পেয়ে অতলে তলিয়ে যেতে থাকি। দু'চারজন বন্ধুর পাল্লায় পড়ে গিয়েছিলাম কলকাতার এক নামী বার-এ। ওরা "জল" খাবে আর আমি ওসব জলাঞ্জলি দিয়ে কেবল লেমন স্কোয়াশ। ওরা "বোতল", আমি গ্লাস। এক চুমুক দিয়ে বললাম, দিব্যি খেতে। পাশ থেকে একজন শুধরে দিল, ওটা সাদা জল, লেমন স্কোয়াশ নহে। শেষের ওই সাধু শব্দটা সম্ভবত "বোতল"এর প্রভাবে। অবশেষে সত্যিই এল লেমন স্কোয়াশ। বাদামভাজা আর পাপড় দিয়ে বেশ ইষ্টাইল করে লেমন স্কোয়াশ মারছি দেখে, বন্ধু তপন বলে উঠল, কমরেড, এই বয়েসে দাঁত ঠিক থাকতে থাকতে যত পার বাদাম খেয়ে নাও। তাকিয়ে দেখি, বোতলে তখন তলানি আর আমার ঘোর বামবিরোধী বন্ধু লাল জল পেটে যেতেই, পাক্কা কমরেড। তবু "এই বয়েসে বাদাম খেয়ে" নেবার ব্যাপারটা জেনে নিতেই হয়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করতেই, ও প্রান্ত থেকে জড়ানো উত্তর,
- বয়স বেড়ে যাওয়া মানে, দাঁত নেই, নো টুথ। ঠিক তো?
- ঠিক। (আমি তখনও বুঝতে পারছি না প্রশ্নটা করা ঠিক হলো কী না)
- তখন যদি কেউ জিজ্ঞেস করে, দাদু, আপনার কটা দাঁত? হাউ মেনি? কী বলবি?
- একটাও না।
- ইয়েসসসসস। রাইট আনসার। (একদম "বিগ বি" ষ্টাইল)
- সে নয় বুঝলাম। তাতে হলোটা কী?
- এবার সে তোকে বলবে, আমার বাদামগুলো রাখুন। ক্লীয়ার?
এবার আমার চমকানোর পালা। পেটে ও সব গেলে (গিলেও হতে পারে) কি মানুষের জ্ঞানবৃদ্ধি হয়? কে জানে। বাদাম নিয়ে এমন দামাদামির কথা আগে কখনও ভাবি নি। বয়স বেড়ে গেলে কি বাদামতৃষ্ণা বেড়ে যায়? খাচ্ছি, কিন্তু গিলছি না কি একেই বলে? কী জানি!
ক্রমশ: --

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


