কিছুটা দূরে দেখি মাঝে মাঝেই টিভিতে মুখ দেখানো একজন "জল পুলিশ"এর এলাকায় ঢুকে পড়েছেন। আঙুল তুলে তা দেখাতেই আবার তপন বলে উঠল, মাল, মিডিয়া, সব মিলিয়ে বলতেই পারি মালটি-মিডিয়া। এতসব কান্ডের মধ্যে মনে হলো, একবার ঘুরে আসি কলঘর। দেখি, একজন গার্ড ওখানে দাঁড়িয়ে আছেন মাতাল পাহারায়। কেউ তাল কেটে পড়ে গেলেই তুলে ধরার কাজ তার। ওখানে কলের নীচে হাত পাতলেই জল। বেশ চমকে গেলাম। কোনও চাবি ঘোরানোর প্রয়োজন নেই, হাত পাতলেই, "জল শুধু জল"। ফিরে এসে বন্ধুদের তা বলতেই, এবারও তপন,
- বৎস, (এই সম্বোধনটা খুব বাজে। আমি জানি এটার আসল অর্থ বাছুর)ইহাকে বলে মাতাল কল।
- মানে? (আমি একটু বিশদ হতে চাই)
- মানে-ফানে কিসসসু নয়। একদম সোজা হিসেব। মাতাল যে কলের চাবি খুঁজে পাবে না, সেটা ওরা জানে। তাই এ বন্দোবস্ত।
বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম ওর ওইসব অকাট্য যুক্তিতে। বিড়বিড় করে বলে ফেললাম,
- ওই জন্যেই কি মাতাল পুকুরে যায়?
- আবার ভুল। ওটার সঙ্গে মাতালের কোনো সম্পর্ক নেই। জেগে ওঠে আমার বন্ধু।
- মাতালের সঙ্গে কোনো সম্পর্ক নেই মানে?
- ওটা "মাল" না খাওয়ার কুফল। মানে তোদের মতো লোকেদের শুকনো মাতলামি।
- ধুস। তোর বেশী নেশা হয়ে গেছে।
- কোনো নেশা হয় নি বৎস (আবার সেই বৎস)। ওটা আসলে মা তাল পুকুরে যায়। সব কিছু তোরা খালি মাতালের উপর চাপিয়ে দিতে চাস। আচ্ছা তুই তো কবিতা লিখিস। তুই জানিস, মাতালরা বীমা কোম্পানিগুলোকে কত লাভ দেয়?
- কবিতা, বীমা কোম্পানি, মাতাল, লাভ, আমার তো সব গুলিয়ে যাচ্ছে রে।
- ইয়েসসসস। আমি সারা জীবনে খালি একটা কবিতার লাইনই মুখস্থ রাখতে পেরেছি। "কোনো মাতাল কখনও গাড়ি চাপা পড়ে নি"। নো আকসিডেন্ট বেনিফিট, নট কিসসু। এবার বোঝা গেল?
এরপর আর কথা চলে না। বাকী সময়টুকু আরও কিছু অমৃতবাণী হজম করে "বার" ছাড়লাম। ছাড়ব বললেই কী আর ছাড়া যায়। তপন আবার আমার পাড়াতেই থাকে। ফলে একসঙ্গে বাড়ির পথে। বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছে, সে সময় মুখোমুখি এক গো মাতা। ব্যস, আমার বন্ধুর সে কী আবেগ। গরুর লেজ ধরে রীতিমতো কান্নাকাটি, "তুমি তো রোজ দু’টো বিনুনী করো, আজ কেন একটা"। এরপর প্রায় টানতে টানতে নিয়ে গেলাম ওর বাড়ির দোরগোড়ায়। কোলাপসিবল গেট ভেতর থেকে বন্ধ। তপন বলল, তুই চলে যা, আমি ম্যানেজ করে নেব।
ক্রমশ: -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


