সেই ম্যানেজ করার গল্প পরে শুনেছিলাম ওর মুখে। কাউকে ডাকাডাকি না করে ও শুয়ে পড়েছিল গেটের বাইরে। ঘরে জেগেছিলেন ওর বাবা। ছেলের আসতে দেরী হচ্ছে দেখে মাঝে মাঝেই দরজার কাছে একবার ঘুরে যাচ্ছিলেন তিনি। হঠাত দরজার সামনে কাউকে শুয়ে থাকতে দেখে তাঁর মনে হয়েছিল, কোনো ভিখারি বোধহয় শুয়ে পড়েছে ওখানে। বার কয়েক "হট, হট" করার পরেও "সে" না ওঠাতে, কাকু একটা লম্বা লাঠি নিয়ে এসে দরজার ফাঁক দিয়ে খুঁচিয়ে চেষ্টা করেছিলেন সেই "ভিখারি" তাড়াতে। এতেও কাজ না হওয়ায়, কাকু বড় লাইটটা জ্বালান। ব্যস, ক্ষিপ্ত তপনের চিতকার, লাইট কে জ্বালাল? এক্ষুনি নেভাও। তারপর "সমাপয়েত" এর আগে ঠিক কী শব্দ বসেছিল, আমি জানি না।
জীবনে কখনও মদ না খেয়েও মাতালদের সান্নিধ্য পেয়েছি অনেক, শিখেছি অনেক। ওঁদের এই তালকাটা জীবন দেখে কখনও কখনও মনে হয়েছে বলি, "নহ মাতা"ল...। আমাদের পাড়ায় এমন একজন ছিলেন। তাঁর একটা স্কুটার ছিল, আর ছিল একজন অত্যন্ত বাধ্য বউ। আমরা লোকটাকে আদর করে ডাকতাম, স্কুটার পাগলা। ওঁর হাতে সবসময় থাকত একটা রেডিও, ফিরতেন গভীর রাতে। বাড়ি ফিরেই বউকে বলতেন, প্রস্তুত হতে। উনি, প্রস্তুত, মানে ছেলেদের পোষাকে সজ্জিত হয়ে বেরতেন রাস্তায়। তারপর মিনিট পাঁচেকের দৌড়। বয়স কম, ফলে আমরা ব্যাপারটা খুব উপভোগ করতাম। আরেকজন ছিলেন, কাজলদা, যিনি মদ খেলেই সমস্ত বিখ্যাত মানুষদের বন্ধু মনে করতেন নিজেকে। কাঠ বাঙাল। সে সময় তাঁর মুখ দিয়ে বেরতো, "ভোম্বল (সুভাষ ভৌমিক) তো আমার লগেই খেলতো"। হয়তো আমাদের কেউ প্রশ্ন করল, "কাজলদা ভাবছি একটা সিনেমার পোগ্রাম করব। আপনার কোনো আডভাইস..."। "দেখি মানিকদারে (সত্যজিত রায়) কইয়া", ছিল তার উত্তর। সবচেয়ে আশ্চর্য হল ওইসব বিখ্যাত লোকদের প্রায় সকলেরই তিনি ডাকনামগুলো জানতেন। সেবার নেতাজী ইন্ডোরে জলসা হচ্ছে। প্রধান আকর্ষণ, আশা ভোঁসলে আর রাহুলদেব বর্মণ। কাজলদাকে শুধাই,
- গেছিলেন নাকি ইন্ডোরে, রাহুল-আশার পোগ্রামে?
- গেসি মানে, আমারে দ্যাখো নাই ষ্টেজে?
- ষ্টেজে? আপনাকে দেখব মানে?
- আর কইওনা, পঞ্চম ডাইকা নিল জোর কইরা।
- রাহুল দেব বর্মণ আপনাকে ডেকে নিল ষ্টেজে?
- হ, ত্রিপুরায় একলগে পড়তাম তো। দ্যাখলাম ভোলে নাই।
- তার পর?
- তার পর আর কী! পঞ্চম কইল, কাজল, তুই একটা গাইয়া ফ্যালা।
- আপনি গাইলেন?
- অত কইরা কইলে না করন যায়? গাইয়া ফ্যালাইলাম একখান, "দেখো ও দিবানে, তুমি ইয়ে..."। উফ! পঞ্চম কী খুশী। একদম জড়াইয়া ধরল।
জীবনে ওই একবার মনে হচ্ছিল, কাজলদা নয়, আমিই মাতাল।
আরেকজন ছিলেন গৌতমদা। পুর্ব সিঁথির গলি দিয়ে হাঁটছি, হঠাত লোডশেডিং। গৌতমদার চীতকার, "রক্ত দিলাম, তবু কেন অন্ধকার?"বেচারা বক্রেশ্বর তাপ-বিদ্যুত প্রকল্পে রক্ত দিয়েছিল কী না। গৌতমদা যে "ঠেক" থেকে মদ খেতেন, তার মালিক একদিন গৌতমদার হাত মুচড়ে দিয়েছিলেন, পয়সা বাকী পড়ে যাওয়ায়। এই সময় গৌতমদার মুখ থেকে বের হয় সেই অমোঘ বাণী, যা আমাকে চমতকৃত করেছিল। কী ছিল সেই বাণী? কাতর মুখে সেই "ঠেক"এর মালিককে গৌতমদা বলেছিল, "কাঞ্চনদা, মনে রেখ, সময় তোমার বলবান, তুমি নও"।
বাকী জীবনে ওই বাণীটাকে মনে রেখেছি, বিশ্বাস করেছি এবং সত্যি বলে মেনেছি।
-------------------------সমাপ্ত------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


