দাদি দাওয়াত করেছেন। শীতের পিঠার দাওয়াত। না যেয়ে উপায় নেই। প্রতি বছরই দাদি বিভিন্ন উপলক্ষে একসাথে সবাইকে দাওয়াত করেন। সবাই বলতে দাদির ৫ ছেলের পরিবার আর একটি মেয়ে ও তার পরিবার। দাদির দাওয়াত পেলে আমরা অনেক খুশি হই। কারণ সবার সাথে দেখা হয়। এবারও তাই হলো। বাড়ি ভর্তি মানুষ-বাড়ি ভর্তি আনন্দ।
অনেক শীত। শীতে পিঠা খাওয়ার আনন্দের মাঝে দাদি সকল নাতি-নাতনীদের ডাকলেন। কারো মুখে পিঠা, কারো হাতে পিঠা, কারো হাত বেয়ে পড়ছে মিষ্টির রস, কারো হাতে পিঠার সাদা গুঁড়ি নিয়ে দাদির সামনে গিয়ে দাঁড়ালাম গোল হয়ে। দাদি খুব খুশি হয়ে বললেন, ‘এই যে তোমরা একত্র হয়েছ, আমার অনেক আনন্দ লাগছে। তোমাদের সবার গায়ে শীতের পোশাক। শীত তোমাদের কাছে আসতে পারবে না। অনেকগুলো মানুষ একত্র হলে অনেক কল্যাণ হয়। তোমরা সবাই চিন্তা করে এমন কিছু একটা করো যাতে কারো না কারো কল্যাণ হয় আর এ কল্যাণের মাঝেই আছে সুখ, যাও।’
আমরা আলাদা একটা রুমে এসে বসলাম। পাশের বাড়ির এক চাচিমা এক বুল গরম পিঠা এনে দিয়ে গেলেন। পিঠার বুল হতে ধোঁয়া উঠছে। গরম পিঠা হাতে নিয়ে কেউ ফু দিতে দিতে মুখে দিচ্ছে। কেউ ঠাণ্ডাটা খুঁজছে। কেউ গরমটা হাতে নিয়ে এলেবেলে করছে। একজন বলল, এই গরম পিঠাটা যেয় খেতে পারবে তাকে একটা পুরষ্কার দেয়া হবে। এ কথা শুনে একজন গরম পিঠার টুকরো মুখে দিয়ে পড়ে গেল মহাবিপদে, হিহিহি লুলুলু করে জিহ্বাতে আউলা-ঝাউলা করতে করতে গিলে ফেলল। গলা থেকে বুক চেপে ধরে কতক্ষণ ঝিম মেরে রইল। তার দুচোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তার এ বিপদ দেখে সবাই খিলখিল করে হেসে ফেললাম। তার মা এসে মেয়ের লাল চোখে পানি দেখে বলল, ‘রাক্ষস!’ আমরা আবারও হেসে উঠলাম।
এমন আনন্দের মাঝে দাদির ‘কল্যাণ আর সুখ’ নিয়ে বেজায় টেনশানে পড়ে গেলাম। কী কল্যান করব আমরা আর কী সুখই বা হবে? এমন প্রশ্ন নিয়ে সবাই সবার দিকে চাওয়া-চাওয়ি করছি। একজন বলল, দাদি মনে হয় কলাপিঠা বানানোর কথা বলছে। এই পিঠা যেই মজা! আরেকজন বলল আরে না, গরিব মানুষকে খাওয়ানোর কথা বলছে মনে হয়। হঠাৎ করে আমার মনে হলো দাদি শীতের পোশাকের কথা বলছিলেন। আমি বললাম পেয়ে গেছি। সবাই বলল, কি পেয়েছ বলো। বললাম, এখন তো অনেক শীত। আমার মনে হয় গরিবের মাঝে শীতের কাপড় বিতরণ করলেই কল্যাণ হবে। আর এতেই তো আছে সুখ। নাহ্? সবাই বলল, আয় দাদিকে গিয়ে বলি আমাদের বুদ্ধির কথাটা।
দাদির সামনে গিয়ে আমরা বললাম আমাদের কথা। দাদি খুশি হয়ে গেলেন। বললেন, আগে বের করো কয়টা পরিবার আছে যারা শীতের কাপড়ের অভাবে কষ্ট করছে। এক চাচা এসে বললেন চার পাঁচটার মতো পরিবার আছে এ পাড়ায়।
দাদি বললেন এ কয়টা পরিবারে একটা করে কম্বল দিতে পারলেও অনেক উপকার।
আমরা বললাম, টাকা পাব কই?
দাদি বললেন, এখানেই ত তোমাদের কাজ। দেখি তোমরা কীভাবে টাকা ম্যানেজ করে এ কাজটা সফল করে তোলো। আমি ত সেটাই দেখতে চাই।
এক বোন বলল, আমার মাটির ব্যাংক আছে, এখন ঠাস করে ভেঙ্গে ফেলব। আরেকজন বলল, আমার কাছে আছে দেড়শ টাকা, দিয়ে দেব। এভাবে সকল ভাই আর বোন মিলে টাকার ব্যবস্থা করে ফেললাম। আমাদের মনে বেজায় আনন্দ।
দাদিকে বললাম, টাকা ম্যানেজ হয়ে গেছে। এখন কম্বল আনবে কে?
দাদি বললেন, রান্না করতে পারে যে, সে খোপাও বাঁধতে পারে। তোমরাই কিনে নিয়ে আসো। পাশেই বাসস্ট্যাণ্ডের উত্তর পাশে এসব কাপড়ের দোকান আছে।
আমরা রওনা দিলাম। এক চাচা বললেন, ধরা খাইও না গিয়ে। আড়াইশ টেকার মাল একজাজার পঞ্চাশ টাকা চাইবে দোকানদার। দামটাম সেইভাবেই কইর।
আমরা গেলাম। বিক্রেতা আমাদের বলল, কোনো চিন্তা কইরেন না। আপনারা ভূঁইয়ান্নির নাতিন না? দামে ঠকামু না। আমরা আনন্দের চোটে চাচাকে সব বললাম।
আমি বললাম, আপনি নাকি আড়াইশ টাকার জিনিসি একহাজার পঞ্চাশ টাকা চান? দোকানদার খালি হাসে। বলে, আপনারা যেই কাজে কাপড় নিবেন, খোদার কসম, দাম আমি বেশি রাখমু না। কোনটা নিবেন, লইন।
সত্যি দোকানদার দাম বেশি রাখেন নি। মনের আনন্দে কম্বল নিয়ে বাড়ি এলাম। এসে দেখি বাড়ির ভেতরের উঠোনে চারটি গরিব পরিবারের চার মহিলা ছেলে-মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। দাদি খবর দিয়ে এনেছেন।
দাদি লাঠি হাতে ঠকঠক করে উঠোনে এলেন। চেয়ার দিলাম। দাদি বসলেন। পরিবারের সকল লোক এলো। উঠোন ভর্তি মানুষ।
দাদি বললেন, কবে আমার ডাক পড়ে আর কবে চলে যাই জানি না। আজ আমার এই নাতি-নাতনীদের দিয়ে খুব ছোট করে একটি মহৎ কাজ করিয়েছি। এটা তারা করেছে। তারা যেখানেই থাকুক, গ্রামের গরিব মানুষের জন্য যেন কিছু না কিছু করে তারই শুরুটা করিয়ে দিলাম। অনেক সময় এ শীতের মতো অনেক দুর্যোগ আসে। গরিবেরা করে কষ্ট। গ্রামের মানুষের কষ্ট যেন তারা ভুলে না যায়।
তারপর আমরাই বিতরণ করে দিলাম কম্বল। এক মহিলা বলল, কিযে কষ্ট করতাছি আল্লা-মাবুদই জানে। এই কম্বল আমাদের অনেক উপকারে আসবে। আল্লায় আপনাদের বাঁচাইয়া রাহুক।
মহিলারা কম্বল পেয়ে অনেক খুশি। তারা হাসিমুখে কম্বল নিয়ে যখন চলে যাচ্ছিল তখন আমরা চুপ করে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে ছিলাম।
তাঁদের সেই হাসিমাখা মুখটি আমি কখনও ভুলতে পারব না।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




