
কাল ছিল বিজয়া দশমী অর্থাৎ বিজয়ের দিন । এই দিনটির আরো একটা নাম আছে দশেরা । দশেরা নামটাও দশম দিনে বিজয় প্রাপ্তির গল্প বলে । গল্পটা সবাই যদিও জানি , তবু একটু মনে করি । এই গল্পে রামচন্দ্র দশানন রাবনকে বধ করে জয়ী হয়েছিলেন ।
নয়দিন ধরে চলে দেবী দুর্গার বিভিন্নরূপের আরাধনা । কথিত আছে যুদ্ধে জয়ী হওয়ার আশায় অষ্টমীতে রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেন ও দশমীতে বিজয়ী হন ।

দেবী দুর্গার সৃষ্টিই হয়েছিল অসুরের উপর বিজয় প্রাপ্তির অভিলাশায় । সমস্ত দেবতাদের সম্মিলিত প্রচেষ্টায় । তিনি শুধু মহিষাসুরকেই নয় ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন অসুরকে বধ করেছিলেন । যদিও বাঙালিরা মহিষাসুরমর্দিনীরূপে ষষ্ঠদিন থেকে তাঁর পূজা করে । আসলে এটা হোলো অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়ের কাহিনী । আর বাস্তবিকই এই কদিন আমরা শুভ শক্তির আভাস পাই । বিশেষ করে বাঙালিদের দুর্গা পূজায় । কারন শাস্ত্র মতে ঋষি মার্কন্ডেয় রাজা সুরথ ও বৈশ্য সমাধিকে দেবীর বিভিন্ন রূপের গল্প বলেন । তারমধ্যে একটা গল্প মহিষাসুরমর্দিনীর । কিন্তু এই গল্পে ছেলেমেয়েসহ মায়ের বাপের বাড়ি আসার কোনো কাহিনী নেই । এটা একেবারেই বাঙালির নিজস্ব চিন্তন ! দেবী তো শৈলপুত্রীরূপে পূজিতা হন । তাঁর বাপের বাড়ি কখনই সমতল বাংলা হতে পারে না !

তবে ধর্ম ছাপিয়ে , শাস্ত্র ছাপিয়ে বাঙালির তৈরী গল্প আজ উৎসবের আকার নিতে পেরেছে । আর উৎসব শুধু আনন্দের বার্তা বয়ে আনে না । মানুষের আত্মাকে মুক্তির আহ্বান জানায় । এই আহবানে সাড়া দেন ধনী-নির্ধন সবাই । এমনকি ধর্মের সীমারেখাও বিলীন হয় এই উৎসবে ।
অনেকে আবার এই গল্পে পুরুষতান্ত্রিকতার গন্ধ পান । কেউ আবার শুধুই নারী শক্তির জয়গান করেন । কিন্তু আমি একটু অন্যভাবে ভাবতে চাই । কারন মার্কন্ডেয় বর্ণিত গল্পে অসুর একজায়গায় দেবীকে বলছেন ," তুমি যে এই অসুর নিধন করছো , সে তো তোমার শক্তিতে নয় । সবই তো বিভিন্ন দেবতাদের শক্তি । " উত্তরে দেবী বলছেন " তুমি মূর্খ , তাই বিভিন্নরূপ দেখছো ! একৈবাহং জগত্যাত্র দ্বিতীয়া কা মমাপরা। জগতে আমিই একা, দ্বিতীয় আর কে আছে? "
এটাই এই গল্পের আসল কথা । সম্মিলিত প্রয়াসই অশুভ শক্তির নাশ করতে পারে । আজ যখন সমাজ অশুভ শক্তির বন্ধনে ক্রমশ অবরূদ্ধ হচ্ছে তখন সবাই মিলে সেই বন্ধন কাটতে উদ্যত হই । শুভ শক্তির জয় ।
সামুর সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই । সবাই খুব ভালো থাকুন ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



