চাঁদের আলোয় ধুয়ে গেছে কাকেদের চোখ,
জোনাকিদের ডানায় আগুন
তবু এই মৃত শহরের বুকের ভিতর
একটা ফাঁকা মাঠ কেবল নিঃশব্দে কাঁদে।
বটগাছ নিঃশ্বাস ফেলে।
ছেলেটি যে গতকাল পাথর চাপায় থেঁতলে গেল,
তার গন্ধ লেগে আছে বাতাসে এখনও।
একদিন এই নদীতে ছিলো গান
এই মাঠ ছিল ধানের গন্ধে ভরা,
সাঁঝবেলা জোছনায় জেগে থাকত
মাটির নরম বুক।
আজ সে মাঠে কাঁটা তার,
আজ সেখানে বারুদের ভাপ
এই মৃত্যুপুরী কিভাবে আমার দেশ হয়?
রাত্রির পায়ে পায়ে হাঁটে হায়েনারা,
তাদের চোখে ধরা পরে
আমাদের মিথ্যে দেশপ্রেম, জীর্ণ পতাকা।
শানিত নখর উঁকি দেয় থাবার আড়ালে ।
আমার পূর্বপুরুষ কি এইসব মৃত্যু চেয়েছিল?
তারা কি স্বপ্ন দেখেছিল যে
পথের মোড়ে শিশুর রক্ত শুকিয়ে যাবে?
পাখির পালক হবে ম্লান,
সবুজ হবে খয়েরি?
এই দেশ ,এই ভূমি
যা ছিল শস্যে গন্ধে বর্ণময়
কী করে হলো মৃত্যুপুরী?
কী করে আজও তাকে বলি
আমার দেশ?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



