স্কুলে শেষ কয়েক বছরর মধ্যে খারাপ ছাত্র হিসেবে নাম পেয়ে গেলাম। খারাপ ছাত্র হতে তেমন খারাপ লাগে নাই। তবে এর ফল পেলাম এস এস সি পরীক্ষার সময়। মজা করে পরীক্ষা দিলাম, আর নিজে মজা বুঝলাম পরীক্ষার রেজাল্ট পেয়ে আর কলেজে ভর্তি বিড়ম্বনা সহ্য করে। রেজাল্ট কত ছিল, তা আর বলছি না। শুধু এতটুকুই বলি যে, আমার সব বন্ধুরা আমার চেয়ে বেশি জিপিএ পেয়েছিল।
যাই হোক, রেজাল্ট পাওয়ার পর বাসায় একপ্রস্থ ঝাড়ি খেলাম। আমি যে একটা গাধা, অলস, ব্রেইন ছাড়া প্রানী- খুব অল্প সময়ে এই সম্পর্কে আমি ওয়াকবিহাল হলাম। যাই হোক, কোনমতে রেজাল্টের দিনটা এইসব বকা-ঝকা, ঝাড়ি খেয়ে পার করে দিলাম। তখন কে জানত যে পরের দিন আমার জন্য আরও কঠিন দিন আসছে
কলেজে আমার প্রথম দিন, যেদিন রেজাল্ট আনতে গেলামঃ
একের পর এক খারাপ খবর আসে। শুনলাম এবার নাকি এমসি কলেজ_ও ৪.৭০ নিচে ছাত্র ভর্তি করবে না। কি দুঃসংবাদ!!
ভাইভা পর্বঃ
ভাইভাতে কি জিজ্ঞেস করবে সেই চিন্তা করে আগের রাতে কিছুই ভালো লাগছিল না। অভিজ্ঞজনেরা বলল, “কিছুই জিজ্ঞেস করবে না।” আবার কয়েকজন বলল, “ফিজিক্স, কেমিস্ট্রি হালকা আইডিয়া নিয়া যাও।”
পরের দিন গেলাম ভাইভা দিতে। সাথে যথারীতি আব্বা। আরেক বড় ভাইকেও নিয়া আসছিলাম সাহসের জন্য। সকাল ১০ টায় এমসি কলেজে হাজির এই আমি। একজন একজন করে ভাইভা রুমে যায় আর হাসিমুখে ফেরত আসে। সবাই বলাবলি করতে লাগল যে শেষ পর্যন্ত সবাইকেই সিলেক্ট করা হবে। আমি শুনি আর আশায় বুক বাঁধি। এই দিকে আমার আব্বা বলতে লাগল, “আরে ধুর, সবাইরে কেমনে নিব? সিট মাত্র ৩০০, আর ভাইভাতে ডাকসে ৪০০।” আমি শুনি আর চুপসায়ে যাই!! দুপুর তিনটায় এই অধমের ডাক আসলো। দুরু দুরু বুক নিয়ে গেলাম ভাইভা রুমে। দেখি তিনজন স্যার বসে আছেন। একজন আমার নাম জিজ্ঞেস করলেন।
স্যারঃ নাম কি?
আমিঃ ইয়ে...জামিল।
স্যারঃ পুরা নাম বলা যায় না??(একটু রেগে)
আমিঃ ইয়ে......জামিল কাওসার।
স্যারঃ মহাকর্ষ কি?
আমি পুরা ভ্যাবাচ্যাকা। নামের মধ্যে মহাকর্ষ কেন? আমতা আমতা করে বলে ফেললাম।
স্যারঃ অভিকর্ষ কি?
আমিঃ দু’টো বস্তুর মধ্যে......ইয়ে......
স্যারঃ ইয়ে কি?
তখন পাশ থেকে অন্য এক স্যার বিরক্ত হয়ে বললেন, “ধুর, ছেড়ে দেন। লাঞ্চের সময় চলে যাচ্ছে।”
জীবনে কোন অপরিচিত স্যারের মুখে এমন মধুর বাক্য শুনি নাই। তখন আরেক স্যার বললেন, “ঠিক আছে। ... তারিখ এসে ভর্তি হয়ে যাও। ভর্তি ফি ......টাকা। যাও।”
বাইরে এসে আব্বাকে বললাম, ভর্তি হতে বলসে। আব্বা তার স্বভাবমতো আমাকে আরেকবার হতাশায় ফেলে বললেন, “দেখ, শেষ পর্যন্ত নেয় কি-না”।
কলেজে আমার প্রথম ক্লাসঃ
যাই হোক, আব্বার কথা আর ফলে নাই। শেষ পর্যন্ত আমি ভর্তি হতে পেরেছিলাম। ২০০৫ সালের সেপ্টেম্বর/অক্টবর মাসে প্রথম কলেজে ক্লাস করার জন্য যাই। ৯.৪৫ মিনিটে ক্লাসে ঢুকলাম, ৯.৫০ মিনিটে দেখি ম্যডাম চলে যাচ্ছেন!!আমার পাশের এক ছেলে বলল ক্লাস নাকি ৯ টায় শুরু হইসে। হায়রে, পয়লা দিনই লেট!!!বন্ধু মিছবাহ রে পাইলাম। প্রথম দিন সম্ভবত ২/৩ টা ক্লাস হইসিল।
এমসি কলেজটা ছিল অনেক বড়। এক বিভাগ থেকে আরে বিভাগের দূরত্ব ছিল ভালোই। গণিত বিভাগ থেকে বায়োলজি বিভাগ যেতে ৫/১০ মিনিট লাগত হেঁটে যেতে। স্কুলের ছোট গন্ডি থেকে বের হওয়া এই আমার কাছে এমসি কলেজ রীতিমত বিশাল একটা কিছু। কত ছাত্রছাত্রী, কত শিক্ষক, কত বড় ক্যাম্পাস, কত কি!! এই কলেজে ঊঠার পরই আমি আমার জীবনে প্রথম ছাত্র সংগঠনগুলোর মিছিল দেখতে পেলাম। প্রথম দিন ভয়ে দৌড় দিয়েছিলাম
এমসি কলেজ আমাকে অনেক কিছুই শিখিয়েছে। আমার মত কুয়ার ব্যাঙকে কুয়া থেকে ১০/২০ কিমি দূরে আসতে বাধ্য করেছে। যে আমি সিলেট শহরের কিছুই চিনতাম না, সেই আমি ২ বছরে শাহপরান, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, নাইওরপুল ইত্যাদি জায়গা চিনে গেলাম।
স্কুল পর্ব
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


