ইন্টার পরীক্ষার পরবর্তী দিনগুলোঃ
আমি যে কলোনিতে থাকতাম, সেখানকার আমার সব বন্ধুরা পরীক্ষা দিয়ে ঢাকা চলে গেল কোচিং_ এ ভর্তির জন্য। আমিও যেতে চেয়েছিলাম, আব্বারও মত ছিল, কিন্তু বাধ সাধল আমার আম্মা। উনি ওনার একমাত্র ছেলেকে বাসা ছেড়ে কোথাও যেতে দেবেন না। অগ্যতা কি আর করা? আমি থেকে গেলাম বাসায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম ১০টায়। নাস্তা করে টিভি দেখতাম। চ্যানেল আই _এর তৃতীয় মাত্রা আমার তখন খুব ভালো লাগা শুরু করল!!(কাম নাই, কি করুম?)
যাই হোক, আমি শেষ হই নাই।
কিন্তু পরীক্ষা দিতে পারলাম মাত্র তিন জায়গায়ঃ
পাস করার পর একমাত্র চিন্তা, যেভাবেই হোক একটা সরকারী ভার্সিটিতে ভর্তি হতে হবে। সীমিত বেতনের বাবার পক্ষে আমাকে বেসরকারী ভার্সিটিতে পড়ানো অসম্ভব না হলেও, যথেষ্ট কষ্টসাধ্য। আমার ইচ্ছা ছিল অন্তত ৬/৭ টা সরকারী ভার্সিটিতে পরীক্ষা দিব। ঢাকায় ২টা (ঢাকা, জাহাঙ্গীরনগর), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা আর সিলেটে পরীক্ষা দিব। কিন্তু এবার আবার যথারীতি আম্মার ইমোশন!! “আমার পুত কেমনে আমারে ছাইড়া এতো দূরে থাকব?” আম্মাকে কে বুঝাবে যে পরীক্ষা দিলেই তো আর আমি টিকে যাচ্ছি না(আর আমার যে অবস্থা তাতে তো কোন আশাই নাই)। যাই হোক অবশেষে ঠিক হল যে ঢাকায় ২ টা আর সিলেটে একটা ভার্সিটিতে আমি পরীক্ষা দিব।
এবং টিকলাম শাবিপ্রবি তে!!
আমি সিলেটে বড় হওয়াতে শাবিপ্রবি নামটা আমার পরিচিত। আমার বড় চাচার ছেলে বিলাশ ভাইয়ের মাধ্যমে আমি এই নামের সাথে পরিচিত হই। তখন আমি ক্লাস ফোরের ছাত্র ছিলাম। বিলাশ ভাই ঢাকা থেকে চলে আসলেন এই ভার্সিটিতে ভর্তি হবার জন্য। এসএসসি পরীক্ষার পর আবার শাবিপ্রবির নাম শুনি, এবার আমার মেজ বোনের কল্যানে। সে ও এই ভার্সিটির শিক্ষার্থী হবার যোগ্যতা অর্জন করল। এবং অতঃপর আমি।
গেলাম ভর্তি হতেঃ
শাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদে টিকতে পারি নাই (টিকার কথাও না, আমি যে মানের স্টুডেন্ট!!), কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদে টিকে গেলাম। বাসা থেকে আগেই ঠিক করে এসেছিলাম যে, বিবিএ নেব, না পেলে অর্থনীতি, না পেলে লোক প্রশাসন, না পেলে ইংরেজি। নির্দিষ্ট দিন সকাল বেলা মেজ বোনের সাথে রওনা দিলাম শাবিপ্রবির উদ্দেশ্যে। এরপর উল্লেখ করার মত আর তেমন কিছু ঘটেনি। তবে আমি শুধু আমার ভাইভা পর্বের কথা বর্ণনা করছি।
ভাইভা পর্বঃ
আমার ডাক পড়ল রুমে। ঢুকে দেখি ৪ জন স্যার এবং ম্যাডাম বসে আছেন বিশাল এক টেবিলে। একজন মিলিটারি গোঁফওয়ালা স্যার(ডিন), তাঁর পাশে একজন মধ্যবয়স্ক স্যার, একজন ইয়ং স্যার এবং একজন ম্যাডাম। তাঁদের সাথে আমার কথা বার্তা নিম্নরুপঃ
স্যার (মিলিটারি গোঁফ): বসো...নাম কি?
নাম বললাম।
স্যার (মিলিটারি): আমাদের হাতে বেশী সময় নাই...কোন সাবজেক্ট নিবা বল...
আমিঃ স্যার, বিবিএ নিব।
ম্যাডামঃ বিবিএ সিট নাই। অন্যটা নাও।
আমি(হতাশ ও করুন গলায়)ঃ বিবিএ নাই?
ম্যাডামঃ না। তাড়াতাড়ি বল কোন সাবজেক্ট নিবা?
আমিঃ তাহলে......অর্থনীতি।
মিলিটারি গোঁফের মুখে এই প্রথম দেখি হাসি। পরে জানতে পেরেছি উনি হচ্ছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান, নাম, রেজাই করিম খন্দকার!! হাসি তো দিবেই।
পাশের রুমে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে এলাম। এরপর ব্যাংকে টাকা জমা, অফিসে রশিদ জমে দিতে দিতে দুপুর ৩টা। সব কাজ শেষ করে বিকালে হরিপুরে আমার কলোনিতে ফিরে গেলাম। ক্লাস শুরু হবে ২ সপ্তাহ পরে। প্রথম দিন থাকবে অরিয়েন্টেশন!
ছাত্র হিসেবে ক্যাম্পাসে গেলাম এবং অরিয়েন্টেশনঃ
২০০৮ সালের ফেব্রুয়ারী মাসের কোন এক তারিখে (তারিখটা ভুলে গেছি) সকাল ৮টায় রওনা দিলাম শাবিপ্রবির উদ্দেশ্যে। সকাল ১০টায় অরিয়েন্টেশন দেয়ার কথা। ক্যাম্পাসের “ডি” বিল্ডিং এর দোতলা হচ্ছে আমাদের অর্থনীতি বিভাগের আস্তানা। গিয়ে দেখি বড় ভাইয়ারা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝে সিনিয়র ভাইদের একটা আন্দোলন_ ও দেখে ফেললাম!! যাই হোক, ১২টার পর অরিয়েন্টেশন শুরু হল। আমাদের অর্থনীতি বিভাগের নিয়ম হচ্ছে ইমেডিয়েট সিনিয়র ব্যাচ নতুন ব্যাচকে বরন করে নিবে। প্রথমে স্যাররা সবাই এলেন। মিলিটার গোঁফের রেজাই করিম স্যার প্রথমে সবাইকে স্বাগত জানালেন। স্যারের মিলিটারি গোঁফের জন্য ওনাকে গম্ভীর দেখা গেলেও, মানুষটা খুবই মজার। আর উনি শিক্ষক হিসেবে কেমন অসাধারণ, তা একমাত্র তাঁর ক্লাস যারা করেছে তারাই বলতে পারবে। একজন সত্যিকারের অধ্যাপক। সব স্যারেরা অল্প-বিস্তর কথা বললেন। নিয়ম কানুন, সিরিয়াসনেস ইত্যাদি নিয়ে আলচনা করলেন। এরপর স্যাররা চলে গেলেন আমাদের বড় ভাইদের হাতে অনুষ্ঠানের দায়িত্ত দিয়ে। বড় ভাইয়া/আপুরা আমাদের ফুল দিয়ে বরন করে নিলেন, সাথে চকলেট, মিষ্টি, নিমকি ইত্যাদি ইত্যাদি। এরপর তারা যে অনুষ্ঠানটা করলেন তা আমার অনেকদিন মনে থাকবে। যদিও প্রথম দিকে মনে হয়েছিল তারা আমাদের অপমান করার চেষ্টা করছেন, কিন্তু পরে দেখলাম এটা শুধুই একটা মজার অনুষ্ঠান। সবাই সবার সাথে পরিচিত হয়ে বিকাল ৪টায় অনুষ্ঠান শেষ হল।
বাসার উদ্দেশ্যে
হাতে ফুল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কেমন জানি গর্ব আর লজ্জা মিশ্রিত একটা অনুভূতি হচ্ছিল। সেবার আমি ছাড়া আমাদের কলোনির আর কেউ সরকারী ভার্সিটিতে টিকে নাই...তাই গর্ব হচ্ছিল। আর আমার মত বেকুব ছাত্র টিকে গেলাম...তাই লজ্জা লাগছিল। হাতে ফুল নিয়ে বাসে করে বাসায় যাচ্ছি আর লোকজন কেমন করে জানি তাকাচ্ছে...কে কি ভাবতেসে কে জানে!!
কলেজ পর্ব
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


