
তোমার জন্যে রঙ এনেছি ;
নানান রঙের নানান ঢঙের
আঁকছি ছবি একটি পাতায়।
খাতার পাতায়,মনের খাতায়
রঙ পেনসিল ,তুলির রঙও মাখছি নিজেও
রঙ ছড়াব তোমার মনেও।
বিবর্ণ যত স্কেচ সব-
রঙ ছেটাবো সব জাগাতে।
কালো রঙের মাঝে যে এক আলোর ছটার
রঙটা আছে-
সেটা দিয়েই সব রাঙাব,
আলোয় আলোয় আলোর রঙে
রঙ তুলিতে একটি ছবি অনেক ছবি
সব ছবিতে একটাই সুর
একটি সুরে, কত রকম কথা বলে
জানো তুমি ?
জানতে হবেই এমন কোনো মানে তো নেই।
'আমি জানি' সেটাই হবে।
সেই রঙেতেই রঙের নেশা মিটিয়ে নেব।
একটি আশা আদল পাবে তোমার রঙে।
তোমার সুরে সুর বেঁধেছি
অনেক রাগে অনুরাগে,
রাগ-রাগিনীর গাঁটছড়াতে
সারেঙ্গিতে সুর বেধেছি,
তানপুরাটাও বেধে নিলাম একই রাগে
তবলাটাতেও তাল বেঁধেছি।
তাল বেতালে
মনের কথা
যত কঠিন তালেই বাজুক
তাল হারাবে ? সুর হারাবে?
সাধ্য কি তার
তুমি আছ !
হারাক দেখি সুরে তালে!
তুমি আছ,
সাধ্য কি তার।
পথে যদি পথও হারায়
ফিরবে জানি তোমার কাছেই।
ঘরে ফেরার সেই সুরেতেই
রাগ সেধেছি খাম্বাজে আর ঈমন রাগে।
তোমার রাগই রূপ পেয়েছে
অন্তরা আর সঞ্চারীতেও।
তোমার কাছে লিখব চিঠি
অনেক দিনের ইচ্ছে ছিল।
এমন চিঠি সেটা হবে
রঙ ছড়াবে সুর ঝরাবে।
প্রতি কথা হৃদয় চিড়ে তৈরী হবে,
প্রতি কথা মনের গভীর গন্ধ পাবে,
বলার আগেই বুঝবে তুমি
এমন ভাবে তৈরী হবে।
চেষ্টা ছিল কষ্ট ছিল
সময়ও তো ছিল অনেক
হাতের পাঁচে।
কই সে তবু বেরিয়ে এলো ?
এমন চিঠি লিখতে আমি পেলেম কোথায় ?
সুরও এলো ছবিও এলো,
রঙ ছড়ালো সুর ঝরালো,
কেবল বাকি রইলো আমার পত্র খানা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




