
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।
হাতটা না হয় ছেড়েই দাও, আঁখি নয়ন জলে ভাসুক।
পথে চলার শুরুর পথে
গভীর গোপন মনোরথে,
সাহস দেওয়া -সাহস নেওয়া,
গোপন বুকে ভরসা বওয়া, অনেক হল।
কেনা কাটায় পয়সা লাগে,
টাকার মূল্য জলের মতো
ভালোবাসার মূল্য সেথা কোনখানেতে!
ভালোবাসায় যায় কি নেওয়া ভালো বাসা ভাড়া?
খারাপ সময় কাটছে যখন, কাটুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।
গহন গভীর বর্ষা রাতে দাঁড়িয়েছিলাম একা
হাতটা তবু বাড়িয়েছিলাম তোমার পেয়ে দেখা।
ভেজালো আর বৃষ্টি কতটুকু,
ভেজালে-তো তুমি!
সিক্ত হয়ে তোমার ভালোবাসায়
ফিরে পেলাম মানস জন্মভূমি।
দৃষ্টিহীনে দৃষ্টি পেল তোমার কালোচোখে,
চোখের জলের মাধুরী তার
পেয়ে হারায় চোখে।
অবাক চোখে তাকিয়ে চোখে
হারিয়েছিলাম কুল।
হিসাব কষে দেখেছ ?
ভুল করেছ বিলকুল ?
ভুলে ভুলে সময় গেল, সময় এবার বাঁচুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।
"তোমার দেওয়া শরীরখানা
দামি তোমার কাছেই।
অন্য হাতে আমায় ছোঁবে
সাধ্য কারো আছে ?
আমার তুমি, শুধুই আমার।
শুধুই চলা, নেইকো থামার,
তোমায় দেব অন্য কারো কাছে!
কান্না দিয়ে ধোয়া দেহ
পুন্য করে তোলা,
আমায় তুমি ভুলতে বলো, এত সহজ ভোলা!"
এমনি করে অভিমানের পালা
দুইজনেতে গেঁথেছি অবিরত।
আজকে দেখ দুইজনেতেই দাবির পাহাড় গ’ড়ে,
চূড়ার থেকে চূড়ায় চ’ড়ে নিচে গেলাম প’ড়ে।
তবু আমি জানি,
তোমার অহঙ্কারটা কোথায় ?
এই মানসীই অহঙ্কারের সোনার ফুলটা ফোটায়।
অনেকতো ভালোবাসলে আমায়, এবার অন্যে ভালোবাসুক।
এবার তাকে আসতে দাও, এবারে সে আসুক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




